২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভায় ‘আজীবন’ অর্থ নয়: মোশাররফ

ভোট হারানোর ভয়ে মেয়ররা আয়কর পুনর্গঠন করতে চান না মন্তব্য করে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পৌরসভাগুলোকে ‘দিনের পর দিন’ আর্থিক সহয়তা দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

‘বর্জ্য অপসারণের মাধ্যমে দূষণমুক্ত ও পরিবেশবান্ধব শহর নিশ্চিত করতে’ বুধবার সচিবালয়ে পৌরসভার মেয়রদের মাঝে ডাম্প ট্রাক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আয়কর নির্ধারণের ক্ষমতা পৌরসভার আছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সামনে নির্বাচনের কথা চিন্তা করে অনেকে ইনকাম ট্যাক্স পুনর্গঠন করতে চান না, ভোটের ভয় পান।

“জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। তবে অনির্দিষ্টকালের জন্য সরকার অর্থনৈতিক সেবা কিন্তু দেবে না।”

দেশে বর্তমানে ৩২০টি পৌরসভা রয়েছে। বুধবার ৭৮টি পৌরসভায় একটি করে ডাম্প ট্রাক দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ২৫ পৌরসভার মেয়রের হাতে ট্রাকের চাবি তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে মোশাররফ হোসেন বলেন, “যে যত উন্নয়ন করে নগরায়ন তত হয়। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাগরায়নের সেই কুফল দেখতে পাচ্ছি না, যেখানে নগরায়নের অবধারিত ব্যাড ইফেক্ট হচ্ছে বস্তি এলাকা সৃষ্টি।”

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এবার স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় গণতন্ত্র প্রত্যেক গ্রামে নিয়ে গেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও দলীয় প্রতীকে নির্বাচন করেছেন।”

বিএনপির দিকে ইঙ্গিত করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন বলেন, “এরপরও গণতন্ত্র নেই বলে বলে সন্ত্রাসী (কর্মকাণ্ড) হচ্ছে। গণতন্ত্র নাই বলে বলে মানুষের বাড়ি-ঘরে লুটতরাজ করতে হবে না কি?

“তাদের কাছে নতুন করে গণতন্ত্র শিখতে হচ্ছে।”

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডাম্প ট্রাকের বিকল্প নেই মন্তব‌্য করে তিনি বলেন, কোন পৌরসভায় কতটি ডাম্প ট্রাক প্রয়োজন- তা মন্ত্রণালয় নির্ধারণ করে রেখেছে।

কোরবানির ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করতে মেয়রদের নির্দেশনা দিয়ে মন্ত্রী মোশাররফ বলেন, কোরবানির বর্জ্যে যেন নাগরিকদের অনুবিধা না হয়; মশা-মাছির মাধ্যমে রোগ-বালাই না ছাড়ায়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক পৌরসভার মেয়রদের উদ্দেশে বলেন, “আমরা চাই নাগরিক সেবা সুষ্ঠুভাবে হোক। ডাম্প ট্রাকগুলোরও সঠিক ব্যবহার হোক।”