মতিঝিলে বাসের ধাক্কায় নিহত ২
রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরেক নারী।
বুধবার সকাল সোয়া ৮টার দিকে রাজউক ভবনের সামনে ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- নুরজাহান বেগম (৪৫) ও রিকশা চালক খোকন মিয়া (৪০)। আহত ফাতেমা বেগমকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মতিঝিল পুলিশের পরিদর্শক (ট্রাফিক) মো. শাহজাহান জানান, বিটিসিএলের একটি বাস গুলিস্তানের দিকে যাওয়ার সময় ওই ক্রসিংয়ে একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে রিকশার আরোহী দুই নারী এবং চালক খোকন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছনে আসা বাসটি নুরজাহানকে চাপা দেয় বলে একজন প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বাসটির চালক দৌড়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট তাকে ধরে ফেলেন। পরে তাকে মতিঝিল থানায় পাঠানো হয় বলে পরিদর্শক শাহজাহান জানান।
আহত তিনজনকে একটি টেম্পোতে করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রথমে নুরজাহানকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় খোকনেরও মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান।
পরিদর্শক শাহজাহান জানান, রিকশার আরোহী দুই নারীর সঙ্গে খাবারের টিফিন বাটি ছিল। তারা কোনো প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে ধারণা করা হচ্ছে।
