‘নব্য জেএমবি’র সদস্য দুই দম্পতি আটক
ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুই দম্পতিকে আটকের পর র্যাব বলছে, তারা ‘নব্য জেএমবি’র সদস্য।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ র্যাব ২ ও ১১ এর দুটি দল মঙ্গলবার রাতে ওই অভিযান চালায়।
আটকরা হলেন- মো. আমিনুল ইসলাম ও তার স্ত্রী নাহিদ সুলতানা এবং শরীফুল ইসলাম মাহমুদ ও মারজিয়া আক্তার সুমি।
তারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে মিজানুর রহমান বলেন, “এরা নিও জেএমবির সদস্য। অবস্থা প্রতিকূল দেখলে এরা বিদেশে চলে যায়।”
তারা কোন দেশে যাওয়ার চেষ্টায় ছিলেন সে বিষয়েও কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র্যাব।
পরে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুমি, শরীফুল ও আমিনুলকে ফার্মগেইট আনন্দ সিনেমা হলে বিপরীতে একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর নাহিদ সুলতানাকে গ্রেপ্তার করা হয় নারায়ণগঞ্জের ফতুল্লায় তার বাসা থেকে।
সুমি ফেইসবুকে মাধ্যমে উৎসাহী হয়ে জেএমবিতে যুক্ত হন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
“ফেইসবুকের একটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে ধীরে ধীরে অনুপ্রাণিত হয়ে জিহাদের জন্য ২০ অগাস্ট গৃহত্যাগ করেন সুমি এবং মাহমুদকে বিয়ে করেন।”
সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তারা বিয়ে করে দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন বলে র্যাবের দাবি।
শরিফুল জেএমবির সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলেও র্যাব জানায়।
র্যাব কর্মকর্তারা বলেছেন, তাদের মতো ৪/৫ জন সদস্যের কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে।
