মন্ত্রণালয় বিচারিক সচিবালয় বানাতে পারে না: আইনমন্ত্রী
বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির কথায় মন্ত্রণালয় কর্ণপাত করছে না বলে অভিযোগের প্রতিক্রিয়ায় এক্ষেত্রে নিজের দপ্তরের ক্ষমতার সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
হাই কোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের অভিযোগের প্রসঙ্গ তুলে মঙ্গলবার নরসিংদীতে এক অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী।
সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল বলেন, “আমি উচ্চ আদালত প্রসঙ্গে অনেক কথা বলতে পারি। তবে উচ্চ আদালতের বিচারকদের প্রতি সম্মান দেখিয়ে তা বলব না।
“আইন মন্ত্রণালয় সেক্রেটারিয়েট বানাতে পারে না। তা করতে হলে প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। এমন কোনো আইন নেই, এমনকি মাসদার হোসেন মামলায়ও বলা নেই, আইন মন্ত্রণালয় সেক্রেটারিয়েট বানাতে পারে।”
বিচার বিভাগ প্রায় এক দশক আগে শাসন বিভাগ থেকে আলাদা হলেও এখনও সচিবালয় প্রতিষ্ঠা হয়নি। ফলে বিচার প্রশাসনের উপর পূর্ণ তদারকি না আসায় স্বাধীনতা অর্থবহ হচ্ছে না বলে আইন অঙ্গনের ব্যক্তিদের অভিমত।
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে বেশ কিছু নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়।
তবে রায় অনুসারে বিচার বিভাগীয় সচিবালয় এখনও হয়নি। আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের পরামর্শে এখন সাচিবিক কাজ করে।
সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের আমলে পুরাতন সড়ক ভবনে বিচার বিভাগীয় সচিবালয় উদ্বোধন করা হয়েছিল। এরপর কাজ আর এগোয়নি।
নরসিংদীর জেলা জজ আদালতের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে সরকার প্রধান শেখ হাসিনার আন্তরিকতার কথা জানান।
“বঙ্গবন্ধু সংবিধান দিয়ে গেছেন, সে সংবিধানের বাইরে আমরা কোনো আপস করব না, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে।”
জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে জনগণকে আহ্বানও জানান আইনমন্ত্রী।
“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিরোধে তাদেরকে সহায়তা করলে এ দেশে জঙ্গিবাদ থাকবে না।”
নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শামীম আহম্মদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি বশিরুল কাদের বক্তব্য রাখেন।
