২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতিচর্চার মান বাড়ানোর আহ্বান মন্ত্রীর

সারা দেশে সংস্কৃতিচর্চার ‘নতুন জাগরণ’ সৃষ্টির পর শুধু সংখ্যাতত্ত্বে বিশ্বাসী না হয়ে শিল্পচর্চার মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

মঙ্গলবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানের বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নাটক-গান-আবৃত্তি-নৃত্য চর্চা শুরুর প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।

আসাদুজ্জামান নূর বলেন, “শিল্পকলা চর্চার জন্য অনেক প্রশিক্ষণ হচ্ছে বটে, কিন্তু প্রশিক্ষণ নেওয়ার পর অনেক শিল্পীই আর তার চর্চা করছেন না। আজকে যারা নাচ শিখছেন, কিছুদিন পর তারা নাচ ছেড়ে দিচ্ছেন; তাহলে তো প্রশিক্ষণ নিয়ে কোনো লাভ হবে না।”

এসময় প্রশিক্ষণ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, “প্রতি বছর নিয়মিতভাবে এদের নিয়ে আয়োজন না করলে সত্যি এরা হারিয়ে যাবে। প্রতি বছর নতুন শিক্ষার্থী বাড়াতে হবে। ঢাকার পাশাপাশি সারা দেশে এসবের চর্চা আরও বেগবান করতে হবে।”

‘চর্যাপদ প্রকাশের শত বছর পূর্তি উপলক্ষে চর্যানৃত্য ও বাংলার শাস্ত্রীয়-গৌড়ীয় নৃত্য পরিবেশনা’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয় শিল্পকলা একাডেমিতে।

এতে সংস্কৃতিমন্ত্রী বলেন, “চর্যাপদ নৃত্যের মতো লুপ্তপ্রায় শিল্পকলার চর্চা বৃদ্ধি হচ্ছে, তা বিস্তৃত ও প্রসারিত হচ্ছে- তা সত্যি আনন্দের সংবাদ।”

সারা দেশব্যাপী ‘সাংস্কৃতিক বিপ্লব’ তৈরির ক্ষেত্রে দেশব্যাপী ‘মননশীল ও মানবিক গুণাবলীসম্পন্ন’ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান নাট্যব্যক্তিত্ব নূর।

চর্যাপদ প্রকাশের শত বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির সংগীত-নৃত্য-আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় নেপালি নৃত্যগুরু চন্দ্রমান মুনিকর বাংলাদেশের তরুণ নৃত্যশিল্পীদের মাসব্যাপী প্রশিক্ষণ দেন।

পাশাপাশি ভারত থেকে আসা গৌড়ীয় নৃত্যের গবেষক অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায় শিক্ষার্থীদের গৌড়ীয় নৃত্যের তালিম দেন ।

মাসব্যাপী চর্যানৃত্য কর্মশালায় ঢাকাসহ সারা দেশের বিভিন্ন নৃত্য সংগঠনের ১১৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

মঙ্গলবারের নৃত্যসন্ধ্যায় আলোচনা সভার পরই তাদের পরিচালনায় ‘চর্যানৃত্য’ এবং ‘শাস্ত্রীয় গৌড়ীয় নৃত্য’ পরিবেশিত হয়।