২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় আরিফুলের জামিন

সিলেটের বরখাস্ত মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে কিবরিয়া হত্যা মামলায় জামিন দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 01:37 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

এ বিষয়ে এক রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ মঙ্গলবার জামিন মঞ্জুর করে।

আরিফের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মইনুল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

হাই কোর্টের এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে বশির উল্লাহ জানিয়েছেন।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া।

অধিকতর তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। সেখানে আসামির তালিকায় যুক্ত করা হয় আরিফুল হকসহ ১১ জনের নাম।

ওই বছর ২১ ডিসেম্বর আদালত নতুন ১১ আসমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।

এর পর থেকেই সিলেটের এই বিএনপি নেতা কারাগারে রয়েছেন। আদালতে গৃহীত অভিযোগত্রে নাম আসায় ২০১৫ সালের জানুয়ারিতে মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে সরকার।

পুরনো খবর:

সিলেটের বরখাস্ত মেয়র আরিফুলকে কেন জামিন নয়