ঢাকা কারাগারে প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি ঢাকা সমিতির
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে ঢাকা মহানগরী সমিতি। সেখানে যেন অন্য কোনো স্থাপনা তৈরি না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন সংগঠনের নেতারা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কাজ শুরুর দাবি জানিয়ে তারা বলেন, ঢাকার মানুষ ২০১৮ সালের মধ্যে এসব কাজের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।
দুইশ বছরের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার গত ২৯ জুলাই কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সরে যায়।
কর্তৃপক্ষ ১৮ একরের ওপর পুরনো কারাগারটিকে বিনোদনকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে, যেখানে থাকবে পার্ক, জাদুঘর, কনভেনশন সেন্টার, উন্মুক্ত নাট্যমঞ্চ ছাড়াও বিনোদনের নানা ব্যবস্থা। ঐতিহাসিক মূল্য আছে এমন ভবন সংরক্ষণের চিন্তাভাবনাও রয়েছে।
তবে পুরনো কারাগারের স্থানে ছাত্রবাস নির্মাণের দাবি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
“এ অনুযায়ী পরিকল্পনাও এগিয়ে যাচ্ছিল। কিন্তু এ পরিকল্পনা ভেস্তে দিতে ‘একটি মহল’ সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য হল নির্মাণের দাবি তোলে।”
পুরান ঢাকার বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে জগন্নাথের শিক্ষার্থীরা সে দাবি থেকে সরে এসেছে জানিয়ে এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আবু মোতালেব।
তাদের ঢাকার বাইরে কেরাণীগঞ্জে হল নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিম বখশ, কোষাধ্যক্ষ ফয়েজুর রহমানসহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান এবং সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
