২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্নতত্ত্ববিদ এনামুল হকের জন্মদিন উদযাপন

প্রত্নতত্ত্ববিদ, লেখক ও বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ এনামুল হকের জন্মদিন উদযাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 12:20 AM

Updated : 20 Aug 2022, 01:36 PM

পনের অগাস্টে জন্মদিন হলেও জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে সে মাসে জন্মদিন উদযাপন করতে চাননি এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সেপ্টেম্বরে এসে জন্মদিন উদযাপনের অনুষ্ঠান করতে তার অনুমতি পায় বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র ও কবি তৃণা হক কবিতা প্রয়াস।

শনিবার বিকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এনামুল হকের ৮০তম জন্মদিনের আয়োজনে এসে নানা স্মৃতিচারণায় সংস্কৃতিক্ষেত্রে তার নানা অবদানের কথা স্মরণ করলেন সংস্কৃতিকর্মীরা।

জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা এই মহাপরিচালকের জন্মদিনের আয়োজনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “শত প্রতিকূলতায়ও প্রগতিশীল এনামুল হক। নানা বাধাবিপত্তি সত্ত্বেও বাংলার ইতিহাস-ঐতিহ্য-সভ্যতাকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন।

“বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতার গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা করলে আমরা বিশ্ববাসীর কাছে এক বার্তা পৌঁছে দিলাম, বাঙালিরা হাজারো বছরের ঐতিহ্যের গর্বিত উত্তরাধিকারী।”

বিস্মৃতপ্রায় ঢাকা জাদুঘরকে ১৯৮৩ সালে বাংলাদেশের জাতীয় জাদুঘরে রূপান্তর করেন জাদুঘর আন্দোলনের পথিকৃৎ এনামুল হক। আহসান মঞ্জিলকেও জাদুঘরে পরিণত করার মূল উদ্যোক্তাও তিনি। পাশাপাশি গীতিনাট্য রচনায় পালন করেছেন অগ্রণী ভূমিকা।

‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ শিরোনামের টিভি অনুষ্ঠানের মাধ্যমে বাংলার কৃষ্টি-কালচারকে নতুনভাবে তুলে ধরেছিলেন দর্শকের কাছে। ইতিহাস-ঐতিহ্য চর্চার ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠা করেছেন বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্র।

তার সেই অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, “বঙ্গীয় শিল্পকলা চর্চা কেন্দ্রটি প্রচারের অভাবে সবার কাছে এত জনপ্রিয়তা পায়নি। কিন্তু সংস্কৃতি-ইতিহাস চর্চার ক্ষেত্রে এনামুল হকের এই প্রতিষ্ঠানটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানের সভাপতি পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি বলেন, “দেশ-সমাজের জন্য সারা জীবন ভর কাজ করে গেছেন তিনি। নানা গুণে গুণান্বিত এক অনন্য সাধারণ মানুষ। দেশের কৃষ্টি-সংস্কৃতির জন্য ড. এনামের মতো এত কাজ কেউ করেছেন বলে আমার জানা নেই।”

জন্মদিনের শুভেচ্ছাসিক্ত ড. এনামুল হক বলেন, “আমার জন্মদিনের আয়োজন বলেই বলছি না, আমাদের জাতির নানা ইতিহাস গবেষণার জন্য হলেও আমার কাজগুলো সম্পর্কে সকলের জানা উচিত।”

বাংলাদেশ জাতীয় জাদুঘরের এই প্রতিষ্ঠাতা আক্ষেপ করে বলেন, “ত্রিশ বছর আগে জাদুঘরের দায়িত্ব থেকে অবসর নিয়েছি। অথচ জাদুঘর কর্তৃপক্ষ তো আমাকে মনে করে না। ১০০ বছর পূর্তির অনুষ্ঠানে দেশবিদেশ থেকে গুণীজনরা এসে বক্তৃতা দেন। সেখানে তো আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।”

কৃষ্টি-কালচার সভ্যতা চর্চার পাশাপাশি তিনি অংশ নিয়েছিলেন বায়ান্নর ভাষা আন্দোলনে। এই ভাষা সৈনিক জেল খেটেছেন একাধিকবার। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসে মুক্তিযুদ্ধের সমর্থনে পালন করেছেন অগ্রণী ভূমিকা।

দেশ স্বাধীন হওয়ার জাদুঘর আন্দোলনের পর তিনি যুক্ত হন প্রত্নতত্ত্ব গবেষণার কাজে। জাতীয় জাদুঘরে সংগ্রহশালা সমৃদ্ধ করেছেন নানাভাবে। উয়ারী-বটেশ্বরে প্রথম খনন কাজ তারই উদ্যোগে নেওয়া হয়। সরকারি পর্যায়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনের ক্ষেত্রেও তিনি প্রবর্তকের ভূমিকা পালন করেন।

সংস্কৃতিক্ষেত্রে অবদানের জন্য ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

তার রচিত গীতিনাট্যনৃত্য ‘হাজার তারের বীণা’, ‘রাজপথ জনপথ’, ‘অস্ত্র হাতে তুলে নাও’, ‘সূর্যমুখী নদী’ দেশ-বিদেশে বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয়েছে।

তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘রমনায় বৈশাখের বাঁশি’, ‘ভীষণ সুখের নির্যাতনে’, ‘এক অপরূপ বিষন্নতা’, ‘মেঘের নিতম্বে মাথা রেখে’, ‘বসে থাকি প্রবালের সিংহাসনে’।

সংস্কৃতিমন্ত্রী তার গীতিনাট্য প্রসঙ্গে বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের পরে গীতিনাট্য চর্চায় এনামুল হকই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

তিনি জানান, লক্ষ্মীর পটে আঁকা বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডিজিটালাইজড করা হবে। চলতি বছর বিজয় দিবসে জাতীয় জাদুঘর বা জাতীয় গণগ্রন্থাগারের আয়োজনে তা প্রদর্শিত হবে।