মানিকগঞ্জবাসী ‘লজ্জিত’, মীর কাসেমের লাশ না আনার দাবি
ফাঁসি কার্যকরের পর বদরনেতা মীর কাসেম আলীর মরদেহ তার জন্মস্থান মানিকগঞ্জে না আনার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
শনিবার রাতে জেলা শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বলা হয়, মীর কাসেম আলীর গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সূতালড়ি ইউনিয়নের মুন্সীডাঙ্গী গ্রামে। বাবা তৈমুর আলীর চাকরির সুবাদে ছোটবেলায় তিনি চট্টগ্রামে চলে যান। সেখানেই লেখাপড়া করেন।
মুন্সীডাঙ্গী গ্রামের বাড়ি নদীতে বিলীন হওয়ার পর মীর কাসেম আলী হরিরামপুরের চালা ইউনিয়নের চালা গ্রামে জমি কেনেন। সেখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ, আওয়ামী লীগ নেতা এবিএম হেলাল উদ্দিন ও বাদরুল ইসলাম প্রমুখ।
আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দিন বলেন, কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর ফাঁসি দ্রুত কার্যকর করা হোক। তার মরদেহ যেন মানিকগঞ্জে না আনা হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার তোবারক হোসেন লুডু বলেন, “মীর কাসেম আলীর জন্ম মানিকগঞ্জে হওয়ায় আমরা লজ্জিত। শুনতে পাচ্ছি তার ফাঁসি কার্যকর হওয়ার পর হরিরামপুরের চালা গ্রামে মরদেহ দাফন করা হতে পারে।
“একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি জানাচ্ছি, এই কুলাঙ্গারের মরদেহ যেন মানিকগঞ্জে দাফন না হয়।”
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৪ সালে জামায়াতের মজলিসে শূরা সদস্য মীর কাসেমকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর মার্চে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকায় তিনি রিভিউ আবেদন করেন।
আপিল বিভাগ গত মঙ্গলবার রিভিউ আবেদন খারিজ করে দিলে কাসেমের মামলার সব বিচারিক প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে।
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না জানানোর পর শনিবার ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
