২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাসেমের ফাঁসির প্রস্তুতির মধ‌্যে কারাগারে আইজি প্রিজন্স

সরকারের নির্বাহী আদেশ পাওয়ার পর যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রস্তুতির মধ‌্যেই গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন।

ফয়সাল আতিক

আবুল হোসেন, কামাল তালুকদার ও , কাশিমপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 07:11 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

পুরনো খবর:

শেষ দেখা করে এলেন কাসেমের স্বজনরা

কারা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তাকে শনিবার সন্ধ‌্যা ৭টায় কাশিমপুর কারাগারের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায়। এর আধা ঘণ্টা আগে মীর কাসেমের সঙ্গে শেষ দেখা করে কারাগার থেকে ফিরে যান তার স্বজনরা।   

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, দুপুরের পর সরকারের নির্বাহী আদেশ তাদের হাতে পৌঁছায়।

Image
মীর কাসেম আলী

মীর কাসেম আলী

একাত্তরের বদর নেতা কাসেমের ফাঁসি কখন কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ‌্য তিনি দেননি। তবে দুপুরের পর থেকে কাশিমপুর কারাগার কমপ্লেক্সের বাইরের নিরাপত্তা আরও বাড়ানো হয়। 

পুলিশের পাশাপাশি কারাগারের ফটকে সারি বেঁধে অবস্থান নেন বিপুল সংখ‌্যক র‌্যাব সদস‌্য। বিকাল সোয়া ৪টার দিকে কারাগারে ঢোকে ফায়ার সার্ভিসের একটা গাড়ি। পুলিশের একটি জলকামান আগের রাতেই কারাগারের ভেতরে নিয়ে রাখা হয়েছিল।  

কারাগারের আরপি চেকপোস্ট সংলগ্ন দোকানপাট দুপুরেই বন্ধ করে দেয় পুলিশ। উৎসুক জনতা সকাল থেকেই ভিড় করতে থাকেন কারা ফটকে। বিভিন্ন গণমাধ‌্যমে বিপুল সংখ‌্যক সংবাদকর্মী সেখানে উপস্থিত রয়েছেন সর্বক্ষণ।

অতিরিক্ত আইজি প্রিজন্স কর্নেল ইকবাল হাসানকে বেলা দেড়টার দিকে কাশিমপুর কারাগারে ঢুকতে দেখা যায়। এরপর বিকাল ৪টায় কারাগারে যান ডিআইজিপ্রিজন্স গোলাম হায়দার।  

সার্বিক নিরাপত্তার জন‌্য গাজীপুরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জানিয়ে এই বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় প্রতিদিনের মতই ছয় প্লাটুন বিজিবি রাখা হয়েছে।

ফাঁসি কার্যকরের সময় জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেবল বলেন, “দেখেন, অপেক্ষা করেন।”

Image
শেষবার দেখা করতে ছয়টি মাইক্রোবাসে করে কারাগারে যান মীর কাসেমের স্বজনরা।

শেষবার দেখা করতে ছয়টি মাইক্রোবাসে করে কারাগারে যান মীর কাসেমের স্বজনরা।

জামায়াতের মজলিসে শুরা সদস‌্য মীর কাসেমের সঙ্গে শেষবার দেখা করার জন‌্য কারা কর্তৃপক্ষের ডাক পেয়ে বিকাল সাড়ে ৩টায় ছয়টি মাইক্রোবাসে করে কাসিমপুরে পৌঁছান তার পরিবারের সদস‌্যসহ ৪৫ জন আত্মীয়।

তাদের মধ‌্যে মীর কাসেমের স্ত্রী, মেয়ে, পুত্রবধূসহ ৩৮ জনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় বলে জেলার নাশির আহমেদ জানান।

সন্ধ‌্যা ৬টা ৩৫ মিনিটে তারা যখন বেরিয়ে আসেন, গাজীপুরে তখন বৃষ্টি চলছে। কারা ফটক থেকে বের হওয়ার পরপরই গাড়িতে উঠে চলে যান তারা।

এর আগে যুদ্ধাপরাধে মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের ক্ষেত্রে দেখা গেছে, পরিবারের শেষ সাক্ষাতের দিনই তাদের ফাঁসি কার্যকর করেছে কর্তৃপক্ষ। 

জামায়াতের মজলিসে শুরা সদস‌্য মীর কাসেমকে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৪ সালে মৃত‌্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব‌্যুনাল। চলতি বছর মার্চে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকায় তিনি রিভিউ আবেদন করেন।

আপিল বিভাগ গত মঙ্গলবার রিভিউ আবেদন খারিজ করে দিলে কাসেমের মামলার সব বিচারিক প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে।

মীর কাসেমের প্রাণ বাঁচানোর শেষ সুযোগ ছিল কৃতকর্মের জন‌্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। তিনি সেই সুযোগ নেবেন না বলে শুক্রবার জানিয়ে দিলে শুরু হয় সরকারের নির্বাহী আদেশের অপেক্ষা।

ফাঁসির মঞ্চ ‘প্রস্তুত’

জেলার নাশির আহমদ জানান, মীর কাসেম আলীকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ৪০ নম্বর কনডেম সেলে। কারাগারের চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।

কারাগারের এক কর্মকর্তা শুক্রবারই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ফাঁসির দণ্ড কার্যকর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি তারা নিয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের দক্ষিণ পূর্ব কোণে ফাঁসির মঞ্চটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মোম মাখানো দড়িতে আনুমানিক ওজনের বালির বস্তা বেঁধে প্রাথমিক মহড়াও দেওয়া হয়েছে।

জল্লাদ শাজাহানের নেতৃত্বে চারজন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান। 

এই জল্লাদ দল এর আগে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করেছিল।