২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআরডব্লিউ’র অ্যাওয়ার্ড পাচ্ছেন শ্রমিকনেত্রী কল্পনা

মানবাধিকার রক্ষায় অবদানের জন্য হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এলিসন দেস ফোর্জস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকনেত্রী কল্পনা আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 12:42 AM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বৃহস্পতিবার এইচআরডব্লিউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে কল্পনাসহ অ্যাওয়ার্ডপ্রাপ্ত আরও তিনজনের নাম ঘোষণা করা হয়।

অন্যরা হলেন- বুরুন্ডির মানবাধিকারকর্মী পিয়ের ক্ল্যাভার এমবোনিম্পা, গ্রিসে শরণার্থীদের অধিকারের জন্য কাজ করা আফগানিস্তান থেকে রাজনৈতিক আশ্রয়ী ইউনুস মুহাম্মদী এবং ভারতের মানসিক স্বাস্থ্যকর্মী রত্নাবলী রায়।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কেনেথ রথকে উদ্ধৃত করে বলা হয়, “বিশ্বের সবচেয়ে নিপীড়িত ও ঝুঁকির মধ্যে থাকা মানুষের জন্য কাজ করে যারা জীবন অতিবাহিত করেন তাদের জন্য এই এলিসন দেস পোর্জস অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডপ্রাপ্তরা প্রতিদিন সাহসিকতা ও নিঃস্বার্থভাবে, এমনকি সবচেয়ে কঠিন ও ভয়ানক পরিস্থিতির মধ্যে কাজ করেন।”

Image
কল্পনা আক্তার

কল্পনা আক্তার

এতে আরও বলা হয়, অ্যাওয়ার্ড গ্রহীতারা বিশ্বের ২০টির বেশি দেশে হওয়া এইচআরডব্লিউ’র বার্ষিক ভয়েস ফর জাস্টিস নৈশভোজের কোনো একটিতে অংশ নেবেন; পাবেন প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড পাওয়া উগান্ডার নিকোলাস ওপিও’র সঙ্গে দেখা করার সুযোগ।

২০০৯ সালে বিমান দুর্ঘটনায় নিহত সংগঠনের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা এলিসন দেস ফোর্জসের নামে চালু হওয়া অ্যাওয়ার্ডের জন্য কল্পনার নৈশভোজ হবে সুইজারল্যান্ডের জেনেভাতে।

নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটির ওয়েবসাইটে কল্পনা আক্তারের একটি জীবনবৃত্তান্তও দেওয়া হয়েছে।

এতে বলা হয়, শৈশবে গার্মেন্টস কর্মী থেকে সহকর্মীদের অধিকার আদায়ের পথে হেঁটেছেন কল্পনা। এরপর প্রতিষ্ঠা করেন ‘বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস)’, এখন এর নির্বাহী পরিচালক তিনি।