রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে স্পিকার বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এছাড়া সংসদের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
রাষ্ট্রপতি এসময় স্পিকারের চিকিৎসার ব্যাপারেও খোঁজ নেন বলে জানান প্রেস সচিব।
গত ২৮ মে উচ্চরক্তচাপ জনিত সমস্যায় সিএমএইচে ভর্তি হন শিরীন শারমিন। বর্তমানে তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের (এনইউএইচ) চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
