২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি ইটিভির সাবেক চেয়ারম‌্যান সালাম

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন হয়নি একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 09:52 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

হাই কোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ তাকে জামিন না দিয়ে তিন মাসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়।

এই সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে তার জামিনের বিষয়টি বিবেচনা করতে বিচারিক আদালতকে বলেছে উচ্চ আদালত।

গত বছরের ৪ জানুয়ারি রাতে লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করেছিল একুশে টেলিভিশন।

পরে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের উচ্চ আদালত।

পরে ওই বছরের ৮ জানুয়ারি তারেক এবং একুশে টিভির চেয়ারম্যান সালামের বিরুদ্ধে তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলা করে পুলিশ।

রাষ্ট্রদ্রোহের এই মামলায় তারেক রহমানের সঙ্গে পারস্পরিক যোগসাজশে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করার অভিযোগ আনা হয় সালামের বিরুদ্ধে।

আসামিদের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর মধ্যে অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টির অভিযোগও আনা হয়।

মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সালাম।

সম্প্রতি এই মামলায় জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন সালাম। তবে জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

এই মামলার আগে গত ৬ জানুয়ারি পর্নোগ্রাফি প্রতিরোধ আইনের এক মামলায় সালামকে গ্রেপ্তার করা হয়।