মিল্কী হত্যা: দুই আসামির জামিন খারিজ
যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার দুই আসামি রফিকুল ইসলাম চৌধুরী ও ইব্রাহিম খলিলউল্লাহর জামিন ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছে হাই কোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।
শুনানির পর আদালত দুই আসামির জামিনের আবেদন খারিজ করতে চাইলে আসামির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে পরে ‘উত্থাপিত হয়নি মর্মে’ খারিজ করে হাই কোর্ট।
বিধান অনুসারে হাই কোর্ট কোনো আবেদন সরাসরি খারিজ করলে সংক্ষুব্ধ পক্ষকে পরবর্তী ধাপে আপিল বিভাগে যেতে হয়। আর উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হলে নতুন করে আবেদন দাখিলের সুযোগ থাকে।
২০১৩ সালের ২৯ জুলাই গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণি বিতানের সামনে খুন হন রিয়াজুল হক খান মিল্কী, যিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ওই বিপণি বিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ভিডিওচিত্র দেখে ‘মূল’ হত্যাকারী হিসেবে যুবলীগ নেতা এইচ এম জাহিদ সিদ্দিক তারেককে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী। তারেক গ্রেপ্তার হওয়ার পর খিলক্ষেতে র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বলে দাবি করা হয়।
মিল্কী হত্যার ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন তার ভাই মেজর রাশিদুল হক খান। এতে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।
২০১৪ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কাজেমুর রশীদ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আসামি রফিক ও ইব্রাহিম দুজনেই অভিযোগপত্রভুক্ত আসামি।
কিন্তু বাদী ওই অভিযোগপত্র নিয়ে আপত্তি জানালে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া ২০১৪ সালের ১৭ জুন নতুন করে তদন্তের নির্দেশ দেন। বাদী আরও কিছু নাম অভিযোগপত্রে যুক্ত করার আবেদন করেছিলেন।
