পাট দিবস চায় সংসদীয় কমিটি
কৃষকদের উৎসাহ দিতে বছরের একটি দিনকে ‘পাট দিবস’ হিসেবে পালনের ঘোষণা চায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এলক্ষ্যে কমিটি সংসদে উত্থাপিত ‘পাট বিল-২০১৬’তে বছরের যেকোনো একটি দিনকে পাট দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশও করেছে।
সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, “সোনালী আঁশ পাটের অতীত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা বছরের একটি দিনকে যাতে পাট দিবস হিসেবে পালন করা হয় তার জন্য সুপারিশ করেছি।
“জাতীয় ভাবে একটি দিন পালিত হলে পাটচাষিরা উৎসাহিত হবেন। আর এটা পালনের বাধ্যবাধকতা করতেই আমরা আইনে অন্তর্ভুক্তির সুপারিশ করেছি।”
তিনি আরও বলেন, “আমরা সুনির্দিষ্টভাবে কোনো দিন উল্লেখ করিনি। তবে আইনে অন্তর্ভুক্ত হলে দিবস ঠিক হবে। আর এ বিষয়ে নিশ্চয়ই পাটের যে মৌসুম রয়েছে সেই সময়টাকে প্রধান্য দেওয়া হবে।”
গত মে মাসে পাট বিল সংসদে উত্থাপনের পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘পাট বিল, ২০১৬’ সম্পর্কে স্টেক-হোল্ডারদের সাথে আলোচনার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনীগুলো সংযোজনসহ চূড়ান্ত খসড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, মন্নুজান সুফিয়ান, এনামুর রহমান এবং সাবিনা আক্তার তুহিন অংশ নেন।
