২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায়, ১১ জন আটক

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 01:30 PM

সোমবার দুপুরে উত্তরার আজমপুরে ‘স্মুথ বিডি প্রাইভেট লিমিটেডে’ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকসহ ১১ কর্মচারীকে আটক এবং আরও ৪০ জনকে উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ

আটকরা হলেন- মাহাবুব ইসলাম (২৪), মো. ওয়াদুদ হাসান ওরফে কামাল (২৫),  মো. আনিছুর রহমান (২৯), মো. মিজানুর রহমান (২৯),  মো. ইসমাইল হোসেন (২৬), ইব্রাহিম (২৪), উজ্জল (২৭), মোহাম্মদ আলী (১৯), মো. লতিফুর রহমান (২৫),  মো. এনামুল হক (২৩) এবং মোছাম্মত মুক্তারা (২২)।

এদের মধ্যে মাহাবুব ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আর অন্যরা কর্মচারী।

র‌্যাব কর্মকর্তারা জানান, আগে থেকে খবর পেয়ে র‌্যাব-২ এ কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাব উদ্দিন ও এএসপি ফয়সাল মাহমুদ এর নেতৃত্বে একটি দল বেলা ১১টার দিকে আজমপুর কাঁচাবাজার সংলগ্ন হাসান মাহমুদ কমপ্লেক্সে অভিযান চালায়।

দলটি ওই কমপ্লেক্সের চতুর্থতলায় স্মুথ বিডি প্রাইভেট লিমিটেডে ঢুকে প্রায় ৪০ জনকে উদ্ধার এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এসম সেখান থেকে চাপাতিসহ বেশকিছু ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিশির চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ পালিয়ে রয়েছেন বলে জানান তারা।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই চক্রটি প্রশিক্ষণের নামে আটকে রেখে প্রত্যেকের কাছ থেকে ২০ থেকে ৪০ হাজার টাকা করে নিয়ে থাকে।

প্রতারক চক্রটি প্রশিক্ষণ শেষে ভাল চাকরির কথা বলে বিভিন্ন পত্রিকা, দেয়ালে বিজ্ঞাপন দেয়। এরপর তারা ঘর ভাড়া করে আবেদনকারীদের রেখে খাওয়া-থাকা বাবদ ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা করে নেয়।

তিনি জানান, কৌশল হিসেবে তারা একটি অফিস খুলে বসে এবং ট্রেনিং-এর জন্য একটি হল রুমও রাখে। কারো কারো দুই সপ্তাহ, কারো এক সপ্তাহ কথিত প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া হয়। চাকরি খুঁজে নিতে বলে।

কেউ কেউ প্রতিবাদ করলে তাদের হত্যা-গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা মহিউদ্দিন।

ক্ষতিগ্রস্তদের দেওয়া খবর পেয়ে র‌্যাব এই অভিযান চালায় বলে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।