ডিসি বাছাইয়ের সাক্ষাৎকার স্থগিত
জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগে কর্মকর্তা বাছাইয়ের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।
২৫ অগাস্ট সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই সাক্ষাৎকার হওয়ার কথা ছিল।
সাক্ষাৎকারে অংশ নিতে ৭৫ জন কর্মকর্তার তালিকাও প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নোটিসে বলা হয়েছে, ডিসি নিয়োগের লক্ষ্যে কর্মকর্তা বাছাই কমিটির সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো, সভার তারিখ ও সময় পরে জানানো হবে।
কী কারণে ডিসি হিসেবে নিয়োগের জন্য কর্মকর্তা বাছাইয়ের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে নোটিসে সে বিষয়ে কিছু বলা হয়নি।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিসি হিসেবে কর্মকর্তা বাছাইয়ের জন্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশের পর ওই তালিকা নিয়ে কয়েকজন মন্ত্রী আপত্তি জানানোয় সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।
উপসচিব পদমর্যাদার ১৭তম ব্যাচের ২২ জন এবং ১৮তম ব্যাচের ৫৩ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল।
