এডিনবরা কালচারাল সামিটে যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী
‘তৃতীয় এডিনবরা ইন্টারন্যাশনাল কালচার সামিটে’ অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন মন্ত্রী।
সফরে তিনি একইসঙ্গে বার্মিংহাম, ম্যানচেস্টার ও লন্ডনে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি পরিদর্শন করবেন।
সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৪ অগাস্ট শুরু হতে যাওয়া তিনদিনের ‘তৃতীয় এডিনবরা ইন্টারন্যাশনাল কালচার সামিট’-এ অংশ নিতে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে সংস্কৃতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড ও স্কটিশ সরকার।
এবারের সামিটে প্রতিপাদ্য ‘সংস্কৃতি-ঐতিহ্য, সংস্কৃতি-অর্থনীতি এবং সংস্কৃতি- অংশগ্রহণ’।
অতিথিরা সাংস্কৃতিক উৎসব উপভোগের পাশাপাশি আলোচনা ও মত বিনিময়ের সুযোগ পাবেন, যা তাদের দেশের সাংস্কৃতিক উন্নয়নের পথ নির্দেশ করবে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গণগ্রন্থাগারসমূহের আধুনিকীকরণের প্রকল্প গ্রহণ করেছে। ওই প্রকল্পে ব্রিটিশ কাউন্সিল মন্ত্রণালয়ের সহযোগী হিসেবে কাজ করছে এবং বিল গেটস ফাউন্ডেশন অর্থায়ন করছে।
এরই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি পরিদর্শনের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সফর শেষে ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন সংস্কৃতিমন্ত্রী।
