২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ দিনে চার হাসপাতাল ঘুরে ঢামেকে পাবনায় গুলিবিদ্ধ শিশু নুপুর

পাবনায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর জেলা সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল ও ঢাকার দুই হাসপাতাল ঘুরে শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ছয় বছরের শিশু নুপুর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 01:00 AM

Updated : 12 Apr 2022, 02:43 AM

“দুই দিন ধরে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে এখনও তার সঠিক কোনো চিকিৎসাই শুরু হয়নি,” বলেছেন তার চাচা আবুল কালাম।

শনিবার রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার আত্রাইকান্দা গ্রামে নিজেদের বাড়িতে গুলিবিদ্ধ হয় নুপুর। তার সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মারা যান দাদি আলেকা বেগম (৫৫)। পূর্ব বিরোধের জের ধরে এই হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

ভাতিজির চিকিৎসা নিয়ে ক্ষুব্ধ কালাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর প্রথমে নুপুরকে পাবনা সদর হাসপাতালে নেন তারা। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে।

“প্রায় অজ্ঞান অবস্থায় নুপুরকে নিয়ে আমরা রোববার সকাল ৭টায় চক্ষু হাসপাতালে আসি। সেখানে দেখানোর পর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

“এরপর দুপুর ১টার দিকে ওই হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে বিভিন্ন তলায় ছুটোছুটি করে অবশেষে ভর্তি করানো হয়।”

নুপুরের দু্ই চোখ, বুকের চার জায়গায় গুলি লেগেছে জানিয়ে কালাম বলেন, “কোনোটিরই ঠিকমতো চিকিৎসা শুরু হয়নি। চোখ খুলতে পারছে না। অপারেশন করে বুক থেকে গুলি বের করার কথা বললেও বড় ‘স্যার’ ছাড়া অপারেশন করবেন না বলে ঢাকা মেডিকেলের ডাক্তাররা জানিয়েছেন।

“দেখে মনে হচ্ছে, নুপুর খুব কষ্ট পাচ্ছে। তার অবস্থা ভালো না।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেলের মেডিকেল সার্জন জেসমিন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোগীর চিকিৎসা চলছে। সে এখন স্টেবল। তার বুকের ভেতর গুলি আছে। আমাদের অবজারভেশনে আছে।” 

চোখের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, “চোখের সে রকম কোনো সমস্যা নেই বলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তাররা জানিয়েছেন। তাদের দেওয়া মলম চোখে লাগানো হচ্ছে। চোখগুলো ফুলে যাওয়ায় ও রকম মনে হতে পারে। স্বাভাবিক হতে একটু সময় লাগবে।”

বুকের ভেতর গুলি প্রসঙ্গে তিনি বলেন, “সব গুলি বের করতে হয় না। চিকিৎসার ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি নেই।”

নুপুর আতাইকান্দা গ্রামের শহীদ আব্দুস ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে বলে তার চাচা জানান।