‘নিজামীপত্নীর স্কুল’ থেকে আটক জামায়াতের ১৮ নেতাকর্মী রিমান্ডে
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর স্ত্রীর পরিচালিত ঢাকার মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আটক জামায়াতে ইসলামীর ১৮ নেতাকর্মীকে নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এস আই নূর মোহাম্মদ শনিবার তাদের আদালতে হাজির করে ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান বাড্ডা থানা শাখার জামায়াতের আমির ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহ ও বেরাইদের জামায়াত নেতা শামীমকে তিন দিন করে এবং বাকিদের দুই দিন করে হেফাজত মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাসুম মিয়া জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চাইলেও তা নাকচ করে দেন বিচারক।
আদালতে আসামিদের পক্ষে শুনানিতে আব্দুর রাজ্জাক ও এ এন এম কামাল উদ্দিনসহ জামায়াতপন্থি প্রায় ২৫ আইনজীবী অংশ নেন।
এস আই নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ১৮ জনের মধ্যে কোনো ছাত্র বা নারী নেই। তারা সবাই নাশকতার জন্য সভায় উপস্থিত হয়েছিলেন। তাদের লক্ষ্য, তাদের প্ররোচনাদাতা ও সহযোগীদের সম্পর্কে জানতে রিমান্ড চাওয়া হয়।
মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর হোল্ডিংয়ে ছয়তলা বাড়ি থেকে শুক্রবার তাদের আটক করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি শামছুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ। তবে ভাইস প্রিন্সিপাল হিসেবে স্কুলটি ফখরুদ্দিন চালাতেন।
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দুটি শাখা রয়েছে; একটি গুলশানে, অন্যটি মেরুল বাড্ডার ওই বাড়িতে।
ওই বাড়ির তৃতীয় ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ফ্লোরগুলো স্কুল ও কলেজের কাজে ব্যবহৃত হয়। ষষ্ঠ তলায় বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহ এবং তৃতীয় তলায় বাড়ির মালিক বেলাল হোসেন থাকেন।
আটকদের মধ্যে বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন ও ভবন মালিক বেলালও রয়েছেন জানান তিনি।
দশম জাতীয় নির্বাচন এবং যুদ্ধাপরাধের বিচার ঘিরে সারা দেশে নাশকতার বিভিন্ন ঘটনায় বহু মামলা রয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।
জঙ্গি কর্মকাণ্ডে গ্রেপ্তার ও পুলিশের তালিকায় নাম আসা অনেকে অতীতে শিবিরের সঙ্গে ছিলেন বলেও তথ্য এসেছে সাম্প্রতিক সময়ে।
চলতি মাসের শুরুতে চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য সন্দেহে পাঁচ যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলেছে, ছাত্রশিবির এখন জঙ্গি সংগঠনের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে রয়েছে।
