২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংস্কৃতি বিনিময়ে জোর মন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ে চুক্তি করার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ বিষয়ে কথা বলেন তারা।

এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের সাথে ৪০টির বেশি দেশের সাংস্কৃতিক চুক্তি রয়েছে, যার অধিকাংশ দেশের সাথে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চলমান আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে নেই।

“সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সাংস্কৃতিক চুক্তি ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম স্থাপনে এবার গুরুত্বারোপ করতে হবে।”

সৌজন্য সাক্ষাতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ঘনিষ্ঠ ‘বন্ধু রাষ্ট্র’ বলে অভিহিত করেন আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, “দেশ দুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে একে অপরের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং এ প্রক্রিয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।”

এ সময় রাষ্ট্রদূত বার্নিকাটও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘অত্যন্ত দৃঢ়’ মন্তব্য করেন।

“বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে দু’দেশ সুদীর্ঘ সময় ধরে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে একে অপরের সাথে কাজ করে যাচ্ছে।

“যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে সবসময় বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করে আসছে। আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে, পাশাপাশি তা আরও বিস্তৃত হবে।”

সাক্ষাতের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ ও সংস্কৃতি উপদেষ্টা (উপসচিব) মো. মফিদুর রহমান উপস্থিত ছিলেন।