এবি সিদ্দিকীকে হত্যার হুমকি দিয়ে চিঠি
খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
রামপুরা থানার এসআই আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘রানা বাহিনীর প্রধান’ রানা নামে এক ব্যক্তি হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে বলে এ বি সিদ্দিকী বুধবার রাতে সাধারণ ডায়েরি করেন।
“খুব দ্রুতই বিষয়টি নিয়ে তদন্তে নামবো।”
এ বি সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে রামপুরা মহানগর প্রজেক্টে তার ৫ নম্বর সড়কের ৮২ নম্বর বাসায় চিঠিটি আসে।
“চিঠিতে হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে, গোপালগঞ্জের মামলাবাজ এ বি সিদ্দিক তোকে অগাস্ট মাসের মধ্যেই শেখ মুজিবের কাছে পাঠিয়ে দেব। তুই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপি ও জামাত-শিবিরের নামে ডজনখানেক মামলা করেছিস, তোকে হত্যা করে মামলামুক্ত করা হবে।”
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘কটূক্তি’ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাও করেন তিনি।
গত বছর বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের সময় আগুনে পুড়ে ৪২ জনের মৃত্যুর ঘটনায়ও খালেদার বিরুদ্ধে মামলা করেন তিনি।
এর আগেও ২০১২ সালে হত্যার হুমকি পেয়ে মামলা করেছিলেন জননেত্রী পরিষদের এই সভাপতি।
