২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিন্ডারগার্টেনের জঙ্গিবাদী শিক্ষক-শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার ঘোষণা

কোনো শিক্ষক বা শিক্ষার্থী জঙ্গিবাদে জড়ালে তাকে ধরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 01:59 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের সভাপতি ইস্কান্দার আলী হাওলাদার, “জঙ্গি ও সন্ত্রাসীদের আমরা ঘৃণা করি। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের নিন্দা করি।

“সন্ত্রাসীরা যাতে আমাদের সন্তান ও শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারে সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি জঙ্গিবাদে যায়, তাহলে আমরা তাদের ধরিয়ে দেব।”

কিন্ডারগার্টেনগুলোর দেখভালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের টাস্কফোর্সের বিষয় বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি।

“কোনো প্রতিষ্ঠান অনুমোদনহীন থাকবে বলে আমি বিশ্বাস করি না। আমরা সেই আশ্বাস দিতে পারি।”

এর আগে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব রেজাউল হক বলেন, “ইসলামের নামে কতিপয় বিপথগামী দেশের শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন বিঘ্নিত করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এরা দেশের কোমলমতি ও মেধাবী সন্তানদের পরকালের সাফল্যের মিথ্যা প্রলোভন দেখিয়ে আত্মঘাতি কর্মকাণ্ডসহ সম্পূর্ণ ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

“এ ধরনের নৈরাজ্যকর পরিস্থতি রোধে সরকারের গৃহীত সব তৎপরতার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করছি।”

সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে ঢাকা ও আশপাশের জেলাগুলোর কয়েকশ’ শিক্ষক অংশ নেন। তারা জঙ্গিবাদ বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।