সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধুর ঋণ শোধের আহ্বান আইনমন্ত্রীর
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তার প্রতি প্রত্যেক বাঙালির ঋণ শোধ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার আইন মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে তিনি বলেন, “এখানে অনেকেই আছেন, যারা বঙ্গবন্ধুকে দেখেন নাই।
“পনের অগাস্টের কলঙ্কিত রাতে অনেকেই প্রতিবাদ করতে পারি নাই। আজ সময় এসেছে বঙ্গবন্ধুর কাছে যে ঋণ সেটা শোধ করার। স্বপ্নের সোনার বাংলা গড়ে আসুন তার ঋণ শোধ করি।”
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনিরা সেদিন বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন আনিসুল হক।
“তারা সেদিন মূলত বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছিল। তারা বোঝে নাই, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক জিনিস। তারা বোঝে নাই, কবরে শুয়ে থাকলেও এই বাংলাদেশে যতক্ষণ শেখ মুজিব আছে, ততক্ষণ এই বাংলাদেশ সোনার বাংলা হবেই। এটা আল্লাহর ইচ্ছা, তার সুযোগ্য কন্যা বাংলাদেশে রাজনীতি করতে এসেছেন। ”
পলাতক খুনিদের প্রসঙ্গ টেনে কানাডায় থাকা নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রে থাকা রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান আইনমন্ত্রী।
“নূর চৌধুরী কানাডায় আছে। কানাডা সরকার একটা আইন করে তাদের দেশ থেকে মৃত্যুদণ্ড তুলে দিয়েছে। সেইসঙ্গে আইনে এটাও বলা হয়েছে... যে সব দেশে মৃত্যুদণ্ড আছে, সে সব দেশের মৃত্যু তুল্য অপরাধের কেউ যদি তাদের দেশে যায়, তাকে ফেরত পাঠাবে না।
“আমরা এই আইনে প্যাঁচে পড়ে গেছি। তাই বলে আমরা বসে নাই। তাকে ফিরিয়ে আনার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। আরেকজন রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, জাস্টিস বিভাগের সাথে কথা বার্তা হচ্ছে।”
বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় যেকোনো মূল্য কার্যকর করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন এক সময়ের আইনজীবী আনিসুল হক।
“আমরা যেভাবে হোক, বঙ্গবন্ধুর খুনিদের যে রায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত দিয়েছেন, সেই রায় কার্যকর করবোই। আমরা বঙ্গবন্ধুর রক্ত বৃথা যেতে দেব না। বঙ্গবন্ধুর কাছে যে ঋণ সেটা একটু হলেও শোধ করব।”
নিবন্ধন পরিদপ্তরে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও মিলাদে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
