২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাক গলানোর ইচ্ছে নেই: তুরস্ক

দেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা সামলে ওঠার পর বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সুর নরম করেছে তুরস্ক সরকার।    

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 08:05 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো অভিপ্রায় তার দেশের নেই।

সংবাদ সম্মেলনে ১৯৭৫ সালে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নিন্দা জানান রাষ্ট্রদূত।

গত ১৫ জুলাই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে রিজেপ তায়েপ এরদোয়ান সরকারকে উৎখাত চেষ্টার সময় তুরস্কের গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ায় বাংলাদেশের শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় তুরস্ক সরকারের অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, “এটা ভুল বোঝাবুঝি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় আমাদের নেই।” 

যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর ‘পরিস্থিতি পর্যালোচনার জন্য’ ডেভরিম ওসতুর্ককে ঢাকা থেকে ডেকে পাঠিয়েছিল তার সরকার। তিন মাস পর গত ১২ অগাস্ট আবার ঢাকায় ফেরেন তিনি।  

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের ফাঁসি কার্যকর ঠেকাতে গত তিন বছরে বার বার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আসা তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান গত মে মাসে নিজামীর ফাঁসি কার্যকরের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, মৃত্যুদণ্ড হওয়ার মতো ‘পার্থিব কোনো পাপ’ নিজামীর নেই বলে তিনি বিশ্বাস করেন।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে গণহত্যায় অংশ নেওয়া আল বদর বাহিনীর প্রধান ছিলেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামী। বুদ্ধিজীবী হত্যার ‘মাস্টামাইন্ড’ হিসেবে আদালতের রায়ে ১০ মে মধ্যরাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর দুদিনের মাথায় ঢাকায় তাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় তুরস্ক।

এর ব্যাখ্যায় ডেভরিম ওসতুর্ক বলেন, সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থানের কারণেই তুরস্ক ওই ভূমিকা নিয়েছে। যেহেতু তুরস্কে মৃত্যুদণ্ড বিলোপ করা হয়েছে, সেহেতু বন্ধুপ্রতিম দেশ হিসেবে সেই দৃষ্টিভঙ্গি তুরস্ক বাংলাদেশের কাছে তুলে ধরেছে।

“বাংলাদেশের সঙ্গে আমাদের সুদৃঢ় ঐতিহাসিক বন্ধন রয়েছে। আর আমি এ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছি।”

রাষ্ট্রদূত বলেন, “আমরা সব সময় আমাদের বাংলাদেশি ভাই ও বোনদের পাশে আছি। বিষয়টিকে দেশের প্রতি অপমান বলে মনে না করে বন্ধুত্বপূর্ণ পরামর্শ হিসেবেই দেখা উচিৎ।”

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি তুরস্কের নেই।

আর জামায়াতে ইসলামীর প্রতি সহানুভূতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সবগুলো বৈধ রাজনৈতিক দলের সঙ্গেই তাদের সম্পর্ক রয়েছে।

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থান এবং তার পরের পরিস্থিতি জানাতে ঢাকায় তুরস্ক দূতাবাসে ওই সংবাদ সম্মেলনে আসেন রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক।

গত ১৫ জুলাই রাতে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ সরকারের বিরুদ্ধে অভুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের ডাকে সাড়া দিয়ে তার সমর্থকরা রাস্তায় নেমে ওই চেষ্টা ব্যর্থ করে দেয়। ওই ঘটনায় অন্তত ২৩৭ জন নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন তাকে উৎখাতের ষড়যন্ত্র করছেন অভিযোগ তুলেছেন এরদোয়ান।

গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ সেনাবাহিনী, শিক্ষা ও বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রের হাজার হাজার কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক সরকার; তাদের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।