সবক্ষেত্রে মুক্তিযুদ্ধ উঠে না আসায় সংস্কৃতিমন্ত্রীর খেদ
মুক্তিযুদ্ধের ৪৫ বছর পেরিয়ে গেলেও শিল্পকর্ম, গবেষণা, সাহিত্যকর্ম, চলচ্চিত্র ও সংগীতে মুক্তিযুদ্ধ সেভাবে উঠে না আসায় খেদ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেছেন, “মুক্তিযুদ্ধের মতো বড় ক্যানভাসকে ধারণ করতে না পারা দুঃখজনক।”
জাতীয় শোক দিবস উপলক্ষে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও জাতীয় সংহতি’ শীর্ষক এক আয়োজনে আসাদুজ্জামান নূর বলেন, “বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস ছিলেন বঙ্গবন্ধু। সহজ-সরল এক মানুষ থেকে তিনি রাতারাতি বঙ্গবন্ধু হননি। বাঙালির জন্য তার নিরন্তর ভালোবাসা তাকে এ উপাধি এনে দিয়েছে, যার শুরু এবং শেষ তার প্রাণপ্রিয় বাংলাদেশে।”
পনের অগাস্টের শোকাবহ প্রেক্ষাপটে সংস্কৃতিমন্ত্রী বলেন, “পঁচাত্তরের পনের অগাস্টের পর আমাদের অনেকে আত্মগোপন করেছিলাম, ভয় পেয়েছিলাম। আমরা কেউ প্রতিবাদ করিনি। এ আমাদের বড় লজ্জ্বা, বড় ব্যর্থতা। আমাদের সেই আত্মসমালোচনার জায়গা তৈরি হয়নি এখনো।”
তিনি বলেন, “আমরা বামপন্থি ছিলাম। লোকে তখন মনে করত, বামপন্থিরাই সর্বহারাদের জন্য রাজনীতি করেন। কিন্তু বঙ্গবন্ধু বলতেন, এদেশের নিরন্ন মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা।
“একসময় রাজনীতি করত ধনাঢ্য ব্যক্তিরা, কিন্তু বঙ্গবন্ধু রাজনীতিতে নিয়ে আসলেন মধ্যবিত্তকে। সব ধর্মের মানুষের জন্য গ্রহণযোগ্য অসাম্প্রদায়িক রাজনীতি তিনি প্রবর্তন করলেন। জয় বাংলা স্লোগানে তিনি সব বাঙালিকে একত্রিত করেছিলেন।”
মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু মনে করতেন, তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে বিজ্ঞান-শিক্ষা-শিল্পচর্চার প্রয়োজন রয়েছে।
“আর তারই ধারাবাহিকতায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করেন কারু ও চারুকলা ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি ও ন্যাশনাল আর্কাইভ।
“অস্বচ্ছল শিল্পী ও খেলোয়াড়দের তালিকা তৈরি করেছিলেন তিনি। তিনি লোকশিল্পীদের তালিকা তৈরি করে তাদের বেতনভাতার বন্দোবস্ত করেছিলেন।”
আসাদুজ্জামান নূর বলেন, “শুধু ইতিহাস নয়, ভৌগোলিকভাবেও বঙ্গবন্ধুকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। সেটি সম্ভব হয়নি। সারা বাংলাই তো বঙ্গবন্ধুর বাংলাদেশ।”
পঁচাত্তরে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়া ঈদ জামাতে জঙ্গি হামলার ঘটনায় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের নাম উঠে আসার প্রেক্ষিতে তরুণ প্রজন্মের বিপদগামী হয়ে যাওয়ার প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী।
“বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও এসব জঙ্গি হামলা একইসূত্রে গাঁথা। যে অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশের জন্ম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সে চেতনা বিলুপ্ত হল।”
শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগাযোগ নিবিড় করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “কারা জঙ্গিবাদের এসব ক্ষেত্র ও আবহাওয়া তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে।”
জঙ্গিবাদের উত্থানে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের নামটি বিভিন্ন গণমাধ্যমে জোরেশোরে উচ্চারিত হওয়ায় অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “বাংলাদেশের বিশ্বমানের লেখাপড়ার জন্য একমাত্র বিশ্বস্বীকৃত একমাত্র বিশ্ববদ্যালয় নর্থসাউথে জঙ্গিবাদের কোনো স্থান নেই। পহেলা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি-বারো মাসে তের পার্বণ পালন করছে নর্থসাউথের শিক্ষার্থীরা।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “এই জঙ্গিবাদের মাথা অন্য কোথাও, লেজটি বাংলাদেশে। সেই লেজটি মাঝেমধ্যে নাড়া দেয় জঙ্গিরা। সোনার মন্দিরে যখন বাংলাদেশের জন্য দুয়ার খুলে যাচ্ছে, তখন একটি হোপলেস জিহাদ করা হচ্ছে। বিকৃতমনারা নানাভাবে ইসলামকে বিকৃত করছেন।”
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
