২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতি অঙ্গনে নানা আয়োজন বঙ্গবন্ধু স্মরণ

জাতীয় শোক দিবসে শিল্পচর্চার নানা মাধ্যমের আলোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 10:30 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

বঙ্গবন্ধুর ৪১তম মৃত্যুবার্ষিকীতে গান, কবিতা, নৃত্যের পাশাপাশি কথামালায় স্মরণ করা হয় তার কর্মময় জীবনকে। যেখানে উঠে আসে বাংলাদেশের অভ্যুদয়ের কথা, উঠে আসে পঁচাত্তরের ভয়াল কালো রাতের বিভীষিকাময় স্মৃতি।

ইতিহাসের কালো অধ্যায় পঁচাত্তরের ১৫ অগাস্ট স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, বাংলাদেশ শিশু একাডেমি, ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট দিনব্যাপী আয়োজন করে নানা অনুষ্ঠানমালা।

এর মধ্যে শিল্পকলা একাডেমি জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার ছিল আলোচনা, নাটক মঞ্চায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই মঞ্চস্থ হয় লোকনাট্যদলের প্রযোজনা ‘মুজিব মানে মুক্তি’। লিয়াকত আলীর লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় এটি ছিল নাটকটির ১০১তম মঞ্চায়ন।

নাট্যমঞ্চায়ন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ। মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

Image
বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকলা একাডেমির প্রদর্শনী

বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকলা একাডেমির প্রদর্শনী

Image
বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকলা একাডেমির প্রদর্শনী

বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকলা একাডেমির প্রদর্শনী

সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশ করে ঢাকা সাংস্কৃতিক দল। তাদের কণ্ঠে গীত হয় ‘ধন্য মুজিব ধন্য’ এবং ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’। ‘দুঃখিনী বাংলা জননী বাংলা’ এবং ‘সাড়ে সাত কোটি মানুষের’ সুরে সমবেত নৃত্য পরিবেশন করে একাডেমির রেপার্টরি নৃত্যদল। ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করে ধৃতি নর্ত্তনালয়।

একক কণ্ঠে আকরামুল ইসলাম ‘ও আমার দেশের সোনা’, মনোরঞ্জন ঘোষাল ‘ও দরদী নাইয়ারে’, বুলবুল মহলনবীষ ‘ভালবাসি ভালবাসি’, ইয়াসমীন আলী ‘মুজিব আছে বাংলার ঘরে ঘরে’ পরিবেশন করেন। কবিতা পাঠ করেন কবি কামাল চৌধুরী ও আলম তালুকদার। আবৃত্তি করেন ঝর্ণা সরকার ও ডালিয়া আহমেদ। আরও ছিল বিশেষ শিশুদের পরিবেশনা।

বাংলা একাডেমি দিনটি উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি, সংগীত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর উদারতা, মহানুভবতা, ধর্মনিরপেক্ষতা ও মানবকল্যাণধর্মী চিন্তায় উজ্জীবিত হয়ে দেশের সাম্প্রতিক জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব।”

বঙ্গবন্ধুকে নিবেদন করে আবৃত্তি করেন বাচিকশিল্পী মাহিদুল ইসলাম মাহি এবং সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন সহজিয়া। এছাড়াও প্রদর্শিত হয় ম হামিদ প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘সেই অন্ধকার’।

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা নিজস্ব মিলনায়তনে আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বঙ্গবন্ধু, শেখ রাসেল ও অন্যান্য শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন সংসদ সদস্য কবি কাজী রোজী, কবি স্থপতি রবিউল হুসাইন, মেলার সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ, মেলার প্রবীণ সদস্য শাসমুল হুদা। সভাপতিত্ব করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ।

আলোচনা শেষে কচি-কাঁচার মেলা পরিচালিত কথাবিতান ও সুরবিতানের শিশুশিল্পীরা বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের শেষাংশে ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।

ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের আয়োজনে কবি সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী।

তথ্যচিত্রের মধ্যে প্রদর্শিত হয় ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন’ ও ‘ঢাকা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের আস্ত্রসমর্পণ’। এছাড়া হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’র প্রদর্শনীও হয়।

বাংলাদেশ শিশু একাডেমিতে শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে উন্মুক্ত ছিল বঙ্গবন্ধুকে নিয়ে শিশু একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধু সিরিজ গ্রন্থমালা প্রদর্শনী। এছাড়া বৃহস্পতিবার শেষ হচ্ছে ১৫ দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান।