শিল্পের আলোয় দীপ্তমান বঙ্গবন্ধু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেনি ছোট্ট মুনতাহা চৌধুরী। অথচ রং-তুলিতে সে এঁকেছে স্বাধীনতার রূপকারকে, যেখানে বঙ্গবন্ধু তারই খেলার সাথী।
মুনতাহার মতোই অনেক শিশু-কিশোরের নরম হাতের ছোঁয়ায় জাতির পিতা মূর্ত হয়েছেন নানা মাধ্যমে, নানা আঙ্গিকে।
বঙ্গবন্ধুকে নিয়ে তাদের আঁকা সেসব ছবি নিয়ে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২নং গ্যালারিতে চলছে ‘বঙ্গবন্ধুর উপর শিশুদের অংকিত চিত্রকর্ম প্রদর্শনী’।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমির মাসব্যাপী আয়োজনের এই চিত্রকর্ম প্রদর্শনীটি চলছে ৫ অগাস্ট থেকে।
শিশুদের আঁকা ছবিতে বঙ্গবন্ধু কখনো ধরা দিয়েছেন তাদের বন্ধুরূপে, কখনো প্রকৃতিপ্রেমী মহামানব কিংবা শান্তির দূত হয়ে। কিশোরদের অবচেতন মনে বঙ্গবন্ধু কখনো এসেছেন মানবতাবাদী এক মহানায়ক হয়ে।
যারা ছবি এঁকেছে তাদের কেউই মুক্তিযুদ্ধ দেখেনি। বাবা-মা কিংবা দাদির গল্পে, হয়তো পাঠ্যপুস্তকে বা গল্পের বইয়ে বঙ্গবন্ধুকে নিয়ে তারা পড়েছে, জেনেছে বাংলা-বাঙালির স্বাধীনতা আন্দোলনের কথা।
বঙ্গবন্ধুর সাতোই মার্চের ভাষণ, জনসভায় তার ভাষণের নানা মুহূর্ত, মুক্তিযুদ্ধকালীন নানা প্রস্তুতি, রণাঙ্গনে তরুণদের বিপুল বিক্রম, স্বাধীনতার অবাক সুর্যোদয়-শিশু-কিশোরদের তুলিতে রঙের খেলায় উঠে এসেছে বাংলার ইতিহাসের নানা ঘটনাক্রম।
শিশুরা এঁকেছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ছবি, এঁকেছে তার স্বপ্নের সোনার বাংলার ছবি। শিশু চিত্রশিল্পীরা ক্যানভাসেই এঁকেছে তাদের শপথ- ‘আমরাই গড়বো স্বপ্নের সোনার বাংলা’।
মাকে নিয়ে সোমবার প্রদর্শনী ঘুরতে এসেছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মাঈশা কবির।
মাঈশা বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে আমার বাসায় অনেকগুলো বই আছে। তাকে নিয়ে লেখা গল্প, ছড়া, কবিতার বই আছে। তাকে নিয়ে কিসব কঠিন বই পড়ে বাবা। এখানে এসে দেখছি, আমার মতো অনেকে ছবি এঁকেছে তাকে নিয়ে। আমিও আঁকতে চাই বঙ্গবন্ধুকে নিয়ে।”
আর জাতির পিতার ছবি এঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার স্বপ্ন বুনেছে উইলস লিটন ফ্লাওয়ার স্কুলের তনিমা পুরকায়স্থ।
একই গ্যালারিতে আয়োজিত হয়েছে ‘সংবাদচিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদশর্নীতে ঠাঁই পেয়েছে বঙ্গবন্ধুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা ঘটনাচিত্র।
আলোকচিত্রী মোহাম্মদ শুকুর মিয়া ও খন্দকার মুফিদুল ইসলামের ক্যামেরায় জাতির পিতার ব্যস্ত দিনলিপির নানা ছবি তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে।
ঐতিহাসিক সাতোই মার্চের ভাষণের প্রাক্কালে রেসকোর্স ময়দানের জনসমুদ্রের ছবি তুলেছিলেন মোহাম্মদ শুকুর মিয়া। খন্দকার মুফিদুল ইসলামও তুলেছেন সেদিনের নানা ঘটনাক্রম।
বিশ্ব গণমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে ছাপা হওয়া নানা বিশেষ প্রতিবেদনের অনুলিপিও সাজানো হয়েছে এই প্রদর্শনীতে।
স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশ পুনর্গঠনের শপথ, যুদ্ধবিধ্বস্ত এক দেশকে নির্মাণের কঠিনতম মিশনে ব্রতী বঙ্গবন্ধুর নানা ছবির দেখা মিলবে এখানে।
বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করেছিল ‘জুলিও কুরি শান্তি পদক’-এ। পদক গ্রহণের সেই ছবিটিও ঠাঁই পেয়েছে প্রদর্শনীর এক কোণে।
‘বঙ্গমাতা’ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সঙ্গে বঙ্গবন্ধুর নানা মুহূর্তের ছবিও দেখা গেছে প্রদর্শনীতে।
জাতীয় চার নেতা ও মন্ত্রীপরিষদের সঙ্গে বৈঠক, সেনাবাহিনীর পুনর্গঠনের নানা ছবির পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে নানা বৈঠকের ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
এই প্রদশর্নীতে সদলবদলে ঘুরতে এসেছিলেন সাদমান, রাকিব, মুনতাসীর ও তাদের সহপাঠীরা।
রাকিব বলেন, “পঁচাত্তরের পনের অগাস্টের পর ইতিহাসের নানা বিকৃতিতে বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার নানা পাঁয়তারা করেছিল একাত্তরের পরাজিত শক্তি। এমনকি আমাদের পাঠ্যবইয়েও বিকৃতি হয়েছে। এমন সব এক্সিবিশনে এসে আমরা বঙ্গবন্ধুকে নতুন করে জানি, নতুনভাবে আবিষ্কার করি।”
সাবিহা মুনতাহা মুন নামের এক দর্শনার্থী বলেন, “বাংলা-বাঙালি-বিশ্ব রাজনীতি, মানবতা ও মুক্তির ইতিহাসে আমাদের জাতির পিতার নামটি বারবার উচ্চারিত হবে। আজ থেকে শত-সহস্র বছর পরে তার নামটি ইতিহাসে জ্বলজ্বল করবেই।
বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা ও গল্পের উপর ভিত্তি করে একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং গ্যালারিতে চলছে চিত্রকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী বিরেন সোম, আহমেদ সামসুদ্দোহা, শেখ আফজাল, শাহজাহান আহমেদ বিকাশ, মো. আলপ্তগীন, মো. কামাল উদ্দিন, ময়াজ উদ্দিন, আবুল কালাম আজাদ, মাকসুদুল আহসানসহ ১৪৮ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম। এর মধ্যে রয়েছে শিল্পী প্রদ্যুৎ কুমার দাসের ১টি ভাস্কর্য শিল্প।
গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে মো. আলপ্তগীনের আঁকা বঙ্গবন্ধুর একটি ছবি; শ্মশ্রুমণ্ডিত মুখায়ববে কালো মোটা ফ্রেমের চশমা চোখে বঙ্গবন্ধুর পরিচিত চেহারা।
বীরেন সোম তার কোলাজ ছবিতে বলেছেন, ‘যতকাল রবে পদ্মা,মেঘনা, গৌরি যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’
শিল্পী সঞ্জীব দত্তের ছবির শিরোনাম ‘বঙ্গবন্ধু ডাকো রে’।
এ ছবিতে এক সাগর রক্ত পেরিয়ে উদিত সুর্যের পথ ধরে যেন হেঁটে আসছেন বঙ্গবন্ধু, আবারো বাঙালিকে আহ্বান করছেন আরেক মুক্তির সংগ্রামে।
‘সাড়ে সাত কোটি মানুষের অপর একটি নাম’, ‘পিতা তোমার প্রত্যাবর্তন চাই’, ‘পুত অঞ্চলের প্রসন্ন আশ্রয়’, ‘তোমাকে হারাতে পারিনি এখনও হে নায়ক’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’- শিরোনামের ছবিগুলো এঁকেছেন চিত্রশিল্পী এস রাফি, নাজির খান খোকন, জাহাঙ্গীর হোসেন, এস এম ময়েজ উদ্দিন।
পনের অগাস্ট নিয়ে আরো এঁকেছেন শিল্পী মো. নাজমুল ইসলাম গোলদার, তার ছবির শিরোনাম ‘স্বপ্নের সোনার বাংলা’।
তাসলিমা আক্তার বাঁধন ‘তোমার বিজয় পতাকা’, প্রশান্ত কুমার দাস ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, সিগমা হক অংকন ‘তোর রক্ত ফুল হবে আঙ্গিনায় ভোর’, শরীফ আল মাসুদুর ‘আগস্টের পনের তারিখ ঊনিশ পঁচাত্তর’- ছবিতে পনের অগাস্টের পর শোকাবহ বাংলাদেশের ছবি তুলে ধরা হয়েছে।
সেই সঙ্গে ইতিহাস বিকৃতি, রাজনৈতিক পটপরিবর্তনের বিরুদ্ধে শিল্পীদের নানা প্রতিবাদও ধ্বনিত হয়েছে তাদের চিত্রকর্মে।
অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াৎ ‘অশ্রুজল’ শিরোনামের ছবিতে জানিয়েছেন শোকার্ত বাঙালির আকুতির কথা।
একাত্তরের পরাজিত শক্তির ক্ষমতা দখল, সাম্প্রদায়িক শক্তির উত্থান ও দেশের উল্টোপথে যাত্রার গল্প ফুটে উঠেছে শারমিন জাহানের ‘ও আমার দেশের মাটি’, জয়া শাহরিনের ‘দুঃখিনী বাংলা’ ছবিতে।
আবহমান বাংলার লোকজ ঐতিহ্য ও শেখ মুজিবুর রহমান যেন একই সূত্রে গাঁথা। ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘যমুনার পথে এবার নামো সাথী’, ‘এই বাংলার আকাশ বাতাস সাগর গিরি নদী ডাকিছে তোমায় বঙ্গবন্ধু’ শিরোনামের ছবিগুলো যেন সে কথাই বলছে।
প্রদর্শনীতে শেখ রাসেলকে নিয়ে একটি ছবি ঠাঁই পেয়েছে। শিল্পী কামালুদ্দীন ‘আমার শেষ জলপান করে ফেলেছি’ ছবিতে এঁকেছেন শিশু রাসেলের মৃত্যুযন্ত্রণার কথা।
প্রতিটি প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
