২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রক্তচক্ষু উপেক্ষা করেই বঙ্গবন্ধু হত্যার রায় এসেছিল: প্রধান বিচারপতি

রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে বিচার বিভাগ এগিয়ে এসেছে মন্তব্য করে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘রক্তচক্ষু উপেক্ষা করেই’ আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিল। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 04:48 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিচার বিভাগ আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগ কোনো দিনই পিছপা হয় নাই। রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে এই বিচার বিভাগ এগিয়ে আসছে এবং যখনই অন্যায় দেখেছে সেখানেই হস্তক্ষেপ করেছে।”

সুপ্রিম কোর্টের বর্ধিত ভবন প্রাঙ্গণে এ আয়োজনে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারক, আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধু হত্যা মামলার বিভিন্ন পর্যায়ের কথা প্রধান বিচারপতি স্মরণ করেন।  

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে।

কিন্তু ইতিহাসের নৃশংসতম সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে শুরু হয় বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার।

এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে মামলার গতি শ্লথ হয়ে যায়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর চূড়ান্ত বিচার শেষে ২০১০ সালে পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে দণ্ডিত ছয় খুনি এখনও বিভিন্ন দেশে পালিয়ে আছেন।

প্রধান বিচারপতি বলেন, “অনেকেই তখনকার বিচার বিভাগের সমালোচনা করে বলে যে স্বৈরাচার সরকার তাদের নিয়োগ করেছিল। কিন্তু এর মধ্যেও আমাদের যারা সিনিয়র জাজেস ছিলেন, তারা কিন্তু পিছপা হননি। এই কালো আইন বাতিল করলেন। সরকার যখন (ইনডেমনিটি) বাতিল করলেন, তখন উচ্চ আদালত পর্যন্ত এটা বহাল করলেন।”

ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের পর বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ খোলার কথা স্মরণ করে বিচারপতি সিনহা বলেন, “বিচারের পথ খুললেও এখানে খেয়াল করবেন- সাক্ষী ছিল না। কত কষ্ট করে আমাদের একজন জেলা জজ কাজী গোলাম রসুল (প্রয়াত)... রক্তচক্ষু উপেক্ষা করে উনি রায় দিলেন। এরপরে হাই কোর্টে ডেথ সেনটেন্সটা... কনফারমেশনের জন্য কত প্রতিকূলতা ছিল...।”

উচ্চ আদালতে বেঞ্চ গঠন ও অন্যান্য প্রক্রিয়া নিয়ে অনেক ‘নাটকীয়তা’ হয়েছিল জানিয়ে প্রধান বিচারপতি বলেন, “এরপর বিচার প্রক্রিয়া সম্পন্ন হল। আমি সৌভাগ্যবান যে এই বিচার প্রক্রিয়ায় আপিল বিভাগে ফাইনাল রায়ের সময় আমি একজন মেম্বার ছিলাম ও নিজে রায় দিতে পেরেছি।”

এই বিচার বিভাগ থেকেই যে জেল হত্যা মামলার রায় এসেছে, সে কথাও মনে করিয়ে দেন বিচারপতি সিনহা। 

“অষ্টম সংশোধনী, যেটা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পঙ্গু করার জন্য সুপ্রিম কোর্টকে ভেঙে চুরমার করেছিল, সেটাকেও আমরা বাতিল করেছি। আমরা পঞ্চম সংশোধনী ও ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছি। শেষ পর্যন্ত ষোড়শ সংশোধনী যেটা বিচারাধীন আছে, এ ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না।”

শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরে শোক দিবসের অনুষ্ঠানের কথা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, তাকে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য থেকে যাওয়ার অনুরোধ করা হলেও শোক দিবসের অনুষ্ঠানের জন্যে তিনি দেশে ফিরে এসেছেন। 

বিচার বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ অংশ নেওয়ায় বিচারক ও আইনজীবীদের প্রশংসা করেন তিনি। 

“আজ আমরা প্রথম ঐতিহাসিক দিন হিসেবে এটি পালন করতে যাচ্ছি। ভবিষ্যতে রাষ্ট্রের এ রকম গুরুত্বপূর্ণ দিবসে বিচার বিভাগ কোনো দিন পিছপা হবে না, আমরা পালন করব।”  

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকরা ছাড়াও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন ও সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন। 

রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারকরা।

অন্যদের মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ও ডেপুটি রেজিস্ট্রার ফারজানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।