শোক দিবসে বঙ্গভবনে মিলাদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জোহরের নামাজের পর দরবার হলে মিলাদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অংশ নেন। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাসহ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরাও মিলাদে অংশ নেন।
মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গভবন মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
এর আগে দরবার হলে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন।
আলোচনা শেষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
