২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস চর্চার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশকে তার নিজের গতি পথে রাখতে বঙ্গবন্ধুর জীবন ও ইতিহাস চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 10:07 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্মের আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি একথা বলেন।

‘বাংলাদেশের সমাজ, ধর্ম এবং মূল্যবোধের সঙ্গে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ যায় না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, “ইতিহাসের দিকে তাকালেই এর প্রমাণ মেলে। এ কারণে বঙ্গবন্ধুর জীবন এবং কর্মসহ ইতিহাস চর্চার বিকল্প নেই। আর ইতিহাস থেকে সংগৃহীত এ আলোকচিত্র প্রদর্শনী ইতিহাস চর্চার অংশ।”

একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

“১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের উপর তাদের মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চেয়েছিল। ১৯৭৫ সালেও ঘাতকেরা পাকিস্তানি ধারার ব্যবস্থা চাপানোর চেষ্টা করেছিল। তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।”

বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে চারটি অভিশাপের জন্ম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, সাম্প্রদায়িকতা এবং বিএনপি হলো সেই বিষবৃক্ষ।

“এখন বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে বড় কাজ হল জঙ্গি এবং তাদের দোসরদের বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা। এই কাজে আমাদের সফল হতেই হবে।”

প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরীর সভাপতিত্বে পাঁচ দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদের মধ্যে এ এস এম মাহবুবুল আলম, রোকসানা মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহপরিচালক কামরুন নাহারসহ তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।