‘বঙ্গবন্ধু এখনও বাঙালির স্বপ্ন-আকাঙ্ক্ষার প্রতীক’
রক্ত-মাংসের এক সাধারণ মানুষ থেকে বাঙালির স্বাধীনতা আন্দোলনের মহাকাব্যিক চরিত্র হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে রাজনৈতিক, ভৌগোলিক ও অর্থনৈতিক মুক্তি এনে দেওয়া বঙ্গবন্ধু এখনও বাঙালির স্বাধিকার আন্দোলনে আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মাসব্যাপী আয়োজনে ‘বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা পর্ব’ অনুষ্ঠানে এসে বর্তমান সময়েও বঙ্গবন্ধুর প্রভাব নিয়ে এভাবেই মূল্যায়ন করেন দেশবরেণ্য কবি-সাহিত্যিক ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
শনিবার সকালে জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা’ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
এমিরেটাস অধ্যাপক ‘পদ্মভূষণ’ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা।
অভিনেত্রী-পরিচালক ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের সংগীত পরিবেশনার পর অনুষ্ঠানে স্বাগত ভাষণে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, “বাংলাদেশের জনমানুষের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক বঙ্গবন্ধুকে নিয়ে সম্যক বোঝার দরকার আছে তরুণ প্রজন্মের। স্মৃতি বক্তৃতার মতো আয়োজনে তাকে নিয়ে নতুন অনেক কিছুই জানা যায়।”
স্মৃতি বক্তৃতা পর্বের শুরুতেই কামাল চৌধুরী বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে বলা মোটেই সহজ কাজ নয়। তার প্রতিটি উচ্চারণ মহাকাব্যিক। কোনো সাধারণ আলোচনায় বঙ্গবন্ধুকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা যাবে না।
“বঙ্গবন্ধুকে নিয়ে বলতে গেলে ইতিহাসের পুনরাবৃত্তি হবেই। তার রাজনৈতিক জীবনাচরণ, আত্মত্যাগ নিয়ে যা বলছি, তা খণ্ডিত রূপমাত্র। তার স্মৃতিবক্তৃতায় রূপক-উপমা-পৌরাণিক কাহিনি উঠে আসবেই।”
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের নানা স্মৃতি তুলে ধরে তাকে এক ‘মহান রাজনৈতিক কবি’ হিসেবে আখ্যা দিয়ে কামাল চৌধুরী বলেন, “আমি বলব, বাঙালির শ্রেষ্ঠ কাব্য হল বঙ্গবন্ধুর ‘আর দাবায়া রাখতে পারবা না। অনেকেই বঙ্গবন্ধুর ভাষণকে বিশ্বনেতাদের ভাষণের সঙ্গে মিলিয়ে থাকেন। কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি পুরোপুরি ভিন্ন।”
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা ইতিবৃত্ত তুলে ধরে কামাল চৌধুরী বলেন, “তার অস্তিত্বের গভীরে বাঙালিয়ানার শিকর গ্রোথিত হয়েছে। একজন মানুষ হিসেবে তিনি যেমন গোটা মানবজাতিকে নিয়ে ভাবতেন, তেমনি বাঙালি হিসেবে বাঙালিয়ানার সবকিছুতেই ছিল নিরন্তর সম্পৃক্তি।”
বাঙালিকে সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয়তাবাদী রাষ্ট্র গঠনের ভিত রচনা করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।
‘বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা’ সঞ্চালনা করেন আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি মুহম্মদ নূরুল হুদা
কামাল চৌধুরী আরও বলেন, “কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভূত গুণ ছিল বঙ্গবন্ধুর। বাঙালিরা তাকে নিজেদের একজন বলেই মনে করত। বঙ্গবন্ধু সেই জনতার সঙ্গে নিজের এক অবিভাজ্য মেলবন্ধন তৈরি করেছিলেন।”
শোকাবহ পনের অগাস্টের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ সচিব বলেন, “যতদিন বাংলা ও বাংলাদেশ আছে, ততদিন বঙ্গবন্ধুর জন্য শোক পালন করব।”
সভাপতির ভাষণে ড. আনিসুজ্জামান বলেন, “বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান চিরকাল প্রতিটি বাঙালির হৃদয়ে ভাস্বর হয়ে থাকবে। এই মহান ব্যক্তির জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না।”
‘বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠানে এসেছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার নূরে নাসরীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু স্মৃতি নিদর্শনের বিশেষ প্রদর্শনী’র আয়োজন করেছে তারা।
এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র নিয়ে জাদুঘরে চলছে পক্ষকালব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী।
