১৫ অগাস্ট: ধানমণ্ডি ৩২ নম্বরে বাড়তি নিরাপত্তা
জাতীয় শোক দিবসে ‘বাড়তি ঝুঁকি নেই’ দাবি করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানমণ্ডি ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস সামনে রেখে শনিবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ও প্রতিকৃতিসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিরাপত্তা প্রসঙ্গে জঙ্গিদের বিষয়ও আমলে নেওয়ার কথা জানান তিনি।
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় নজিরবিহীন জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার জাতীয় শোক দিবস পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ১৫ অগাস্ট থাকবে সরকারি ছুটি।
ডিএমপি কমিশনার বলেন, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আসবেন। এসব কথা বিবেচনা করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিন বলেন, ওইদিন ধানমণ্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ার থেকে মেট্রো শপিং মল পর্যন্ত মিরপুর রোডের পশ্চিম অংশে কোনো যানবাহন চলাচল করবে না। মেট্রোর গলিসহ আশপাশের গলিতেও যান চলাচল বন্ধ থাকবে। ধানমণ্ডি ৩২ নম্বরে প্রবেশের পথে বসানো হবে আর্চওয়ে, তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের। তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
ডিএমপি কমিশনার জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে ধামনণ্ডি ৩২ নম্বরের আশপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। থাকবে ডগ স্কোয়াড। সাদা পোশাকেও থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে ব্যাগ, দাহ্য পদার্থ, ধারালো কোনো অস্ত্র এবং মেয়েদের হ্যান্ডব্যাগসহ অনুরূপ কোনো কিছু নিয়ে না যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় শোক দিবসে সব কর্মসূচি নিরাপদে করার জন্য এসব উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাড়তি কোনো ঝুঁকি না থাকলেও বর্তমান পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
“বিপথগামী কিছু মানুষ, যারা ক্ষুদ্র গোষ্ঠীর, আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। নিরাপত্তার ক্ষেত্রে এসব বিষয় মাথায় রাখা হয়েছে।”
সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
