২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকাবহ স্মৃতির দুয়ারে বাংলাদেশ

চার দশক আগের ভয়াল এক রাতের শোকাবহ স্মৃতির দুয়ারে বাংলাদেশ। জাতির জনককে হারানোর দিনটি শ্রদ্ধাভরে স্মরণে প্রস্তুত বাঙালিরা।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2015, 12:00 AM

Updated : 25 Apr 2022, 01:44 PM

১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে। তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি।

বাংলাদেশের দিনপঞ্জিতে ১৫ অগাস্ট শোকের দিন; জাতীয় শোক দিবস। এ উপলক্ষে শনিবার সরকারি ছুটি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীতে জাতি স্মরণ করবে তার পরিবারের নিহত সদস্যদেরও। দিনটি উপলক্ষে সরকারের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 

শনিবার সূর্যোদয়ের সময় বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ আওয়ামী লীগের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। উত্তোলন করা হবে শোকের কালো পতাকা।

সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসেও এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দূতাবাসগুলোতে থাকছে আলোচনা সভার আয়োজন।

১৫ অগাস্টের বিয়োগান্তক ঘটনা স্মরণ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন,  “শুধুমাত্র একজন রাষ্ট্রনায়ককে হত্যা করা নয় বরং মুক্তিযুদ্ধের আদর্শকে মুছে ফেলা এবং পরাজিত শক্তিকে পুনঃপ্রতিষ্ঠিত করাই ছিল হত্যাকারীদের উদ্দেশ্য।”

জাতির পিতার সারাজীবনের স্বপ্ন, বাংলাদেশকে ‘সোনার বাংলা’য় পরিণত করার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে পারলেই এই মহান নেতার প্রতি ‘যথাযথ সম্মান’ প্রদর্শন করা হবে বলে মনে করেন রাষ্ট্রপতি। 

বানীতে তিনি বলেন, “তার অসামান্য অবদানের জন্য আজ এ দেশের মানুষের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শ ও নীতিকে নিঃশেষ করতে পারেনি। যতদিন এ দেশ ও জনগণ থাকবে, ততদিন জাতির পিতার নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।”

শোকাবহ স্মৃতির দুয়ারে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  “যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সোনার বাংলা গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে হত্যা করে। এর মধ্য দিয়ে তারা বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার অপপ্রয়াস চালায়। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে ফেলাই ছিল তাদের মূল লক্ষ্য।”

এরপর বন্ধুর পথ পেরিয়ে আওয়ামী লীগের আবার সরকারে ফেরা এবং বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে চলার কথাও বাণীতে তুলে ধরেন তিনি।   

কোনোভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা থেকে বিচ্যুত না হওয়ার প্রত্যয় জানিয়ে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার এ সংগ্রামে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।”

শনিবার সকাল পৌনে ৭টায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা এ সময় দেবে গার্ড অব অনার।

পরে সেখানে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হবে।

৪০ বছর আগে সেই রাতে ঘাতকরা বঙ্গবন্ধু ছাড়াও স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরকে হত্যা করে।

সেই রাতেই নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু।

ধানমণ্ডির বাড়িতে পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান ও বঙ্গবন্ধু ভবনের অদূরে নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলকেও গুলি চালিয়ে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান।

বনানী কবরস্থানে তাদের কবরে সকাল সাড়ে ৭টায় পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। পরে সেখানে মোনাজাত ও মিলাদ মাহফিল হবে।

সকাল ১০টায় প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ যাবেন টুঙ্গীপাড়ায়; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন তারা।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখানে মিলাদেও অংশ নেবেন।

এদিন মিলাদ ও দোয়া হবে দেশের সব মসজিদে মসজিদে। মন্দির, প্যাগোডা ও গির্জাসহ সব উপসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

বিকেলে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করেছে মহিলা আওয়ামী লীগ। আর ছাত্রলীগ সকাল ১১টায় দেশের সব সরকারি মেডিকেল কলেজ ক্যাম্পাসে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।

এছাড়া আওয়ামী লীগ রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করেছে আলোচনা সভার।

এর বাইরে শোক দিবস উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার বিতরণ এবং বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হবে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠান।

শনিবার সন্ধ্যায় ঢাকাসহ সব জেলা সদরে ও চারটি পার্বত্য উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র দেখানো হবে।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন তিনি।

এরপর বাহান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচন ও ছেষট্টির ছয় দফা প্রণয়নে ভূমিকা রেখে এবং ১৯৬৮ সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন।

১৯৬৯ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কারামুক্ত হন শেখ মুজিবুর রহমান। এরপর তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে ছাত্ররা। ১৯৭১ সালের উত্তাল মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) স্বাধীনতার ডাক দেন তিনি।

তার নেতৃত্বে রক্তাক্ত সংগ্রামেই অভ্যূদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। আর স্বাধীনতার চার বছরের মাথায় নির্মমভাবে প্রাণ হারাতে হয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের।

১৯৭৫-এর পর ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে পালিত হয়ে আসছে ১৫ অগাস্ট। ’৭৫ এর পর ১৯৯৫ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর রাষ্ট্রীয়ভাবে দিনটি পালিত হয়নি।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে প্রথমবারের মতো ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী পাঁচ বছর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়।

২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় এসে জাতীয় শোক দিবস বাতিল করে দেয়। একই সঙ্গে জাতীয় পতাকা বিধি সংশোধন করে সরকারিভাবে নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০০২ সাল থেকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিবসটি পালিত হয়।

পরে তত্ত্বাবধায়ক সরকার আমলে হাই কোর্টের রায়ে ২০০৮ সাল থেকে দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালিত হচ্ছে।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাসের নৃশংসতম এই রাজনৈতিক হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।

২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর বাসভবনের আবাসিক একান্ত সহকারী মহিতুল ইসলাম বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন। সে বছরের ১২ নভেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জাতীয় সংসদে বিলোপ করা হয়।

পরের বছরের ১৫ জানুয়ারি এ হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ ১৪৯ দিন সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৯৯৮ সালের ৮ নভেম্বর তৎকালীন জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন।

এরপর ২০০০ সালের ২৮ জুন হাই কোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার ‘ডেথ রেফারেন্স’ ও আপিলের শুনানি শুরু হয়। ২৮ নভেম্বর শুনানি শেষে ১৪ ডিসেম্বর হাই কোর্টের দুই বিচারপতি দ্বিধাবিভক্ত রায় দেন। পরের বছর ৩০ এপ্রিল তৃতীয় একক বিচারপতি ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।

কিন্তু এই রায় সে সময় কার্যকর করা সম্ভব হয়নি। সর্বোচ্চ আদালতের নির্দেশে হাই কোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়।

দীর্ঘ ছয় বছর পর ২০০৯ সালের ৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির লিভ টু আপিলের শুনানি শুরু হয়।

ওই বছর ১৯ নভেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাই কোর্টের দেয়া রায় বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির দায়ের করা আপিল আবেদন খারিজ করে।

২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ আবেদন খারিজ হলে পরদিন সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, মুহিউদ্দিন আহমদ (আর্টিলারি), বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের (ল্যান্সার) ফাঁসির রায় কার্যকর হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি সাতজনের মধ্যে এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এস এইচ এম বি নূর চৌধুরী আছেন কানাডায়।

মোসলেমউদ্দিনও যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে গণমাধ্যমের খবর। আর আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম ও আব্দুল মাজেদ অবস্থান পরিবর্তন করে বিভিন্ন দেশে আছেন। আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা গেছেন।