২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত কারাগারে জগন্নাথের হল নির্মাণের দাবি

হল নির্মাণের দাবিতে ক্যাম্পাসে চলমান আন্দোলনের মধ্যেই ঢাকা কারাগারের জায়গা বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 08:38 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

শুক্রবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তৎকালীন কলেজের সাবেক শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়াদের বেশিরভাগ ছাত্র থাকাকালীন হলের দাবিতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন।

মানববন্ধনে অংশ নিয়ে জগন্নাথের হল আন্দোলনের নেতা শরীফুল চৌধুরী বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয় কখনো অনাবাসিক হতে পারে না। আর এ বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে পরিবেশ তা উচ্চশিক্ষার পরিপন্থি; ন্যূনতম থাকার পরিবেশই সেখানে নেই।”

বক্তব্যে  তিনি সাম্প্রতিক সময়ে ব্যাচেলর সংকটের বিষয়টিও তুলে ধরেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের এই সাবেক সভাপতি বলেন, “দীর্ঘ আন্দোলনের পরও কোনো হল না হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী। তারা যথাযথ উদ্যোগ নিলে, সরকারের সাথে তাদের দেনদরবার করার সামর্থ্য থাকলে এতদিনে হল হয়ে যেত।”

তিনি বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গত ১০ বছরে কোন হল হলো না, এর জন্য সরকারের মনোযোগের অভাবও দায়ী।

সরকারের সমালোচনা করে হল আন্দোলনের সাবেক সংগঠক মাসুদুর রহমান বলেন, “সরকার সেনাবাহিনীর জন্য বিভিন্ন জায়গায় ৪৮ হাজার একর জায়গা কিনেছে। অথচ জগন্নাথের হাজার হাজার শিক্ষার্থীর জন্য একটি হল নির্মাণ করতে পারে না!”

কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ আরো বলেন, “কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় জগন্নাথের হল নির্মাণের জন্য আমরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছি। আমাদের এ দাবি মেনে নিন। কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় হল নির্মাণের মাধ্যমে দ্রুত আবাসন সংকট নিরসন সম্ভব।”

মানববন্ধনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার বলেন, “হাজি সেলিম, পুলিশসহ প্রভাবশালীরা জগন্নাথের হলগুলো দখল করে রেখেছে। অথচ আন্দোলন হলে প্রশাসন আশ্বাস দিয়েও কোন কার্যকর উদ্যোগ নেয় না।”

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতীতের মত হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন শুরু করলে কারাগারের জমিতেও হল নির্মাণের কাজ শুরু হবে।”

বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক নেতা ও পেশাজীবীরা মানববন্ধনে অংশ নেন।