পুরান ঢাকার নারী খুনের মামলায় আসামি ৩
পুরান ঢাকার কোতোয়ালিতে আসমা বেগম এক নারীকে খুনের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।
আসমার (৩৫)ভাই মির্জা মামুন মামলাটি করেন বলে কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানিয়েছেন।
বুধবার বিকালে কোতয়ালির সৈয়দ আওলাদ হোসেন লেনের এখলাস উদ্দিনের বাড়ির নয়তলার একটি নির্মাণাধীন ফ্ল্যাট থেকে আসমার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আসমাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
এখলাসের পাশাপাশি তার স্ত্রী হোসনে আরা বেগম ও তাদের ছেলে মমিনউদ্দিনকে আসামি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা পারভেজ।
“মৃতদেহ উদ্ধার হওয়ার সাথে সাথে তিনজনকেই আটক করা হয়েছিল। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে আনা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।”
পারভেজ বলেন, আসমাকে শ্বাসরোধে হত্যার কথা এখলাস স্বীকার করেছেন।
এখলাস কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
এখলাসের ১০ তলা বাড়ির ছয়তলার উপরের তলা চারটি নির্মাণাধীন। তার একটি ফ্ল্যাটের জন্য অর্থ নিয়ে তা আত্মসাতের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে পুলিশের ধারণা।
অবিবাহিত কর্মজীবী আসমা ভাই-বোনকে নিয়ে প্রসন্ন পোদ্দার লেনের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুরে।
