২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজের গোডাউন ও অভিসার হলে তামাকবিরোধী অভিযান

রাজধানীর হাটখোলায় আকিজের গোডাউনে অভিযান চালিয়ে ধূমপানে উদ্বুদ্ধ করার প্রচারণা সামগ্রী পাওয়ায় তামাক পণ্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 09:36 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

বৃহস্পতিবার হাটখোলায় আকিজ কোম্পানির গোডাউনে এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিবাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার।

এছাড়া আকিজের গোডাউনের পাশে থাকা অভিসার সিনেমা হলেও তামাক বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে আকিজ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানার সঙ্গে গোডাউনে পাওয়া ধূমপানে উদ্বুদ্ধ করার ওইসব প্রচারণা সামগ্রীও জব্দ করা হয় বলে

জব্দ সামগ্রীর মধ্যে ছাতা, চায়ের কাপ, বিভিন্ন ধরনের রঙ্গিন বিজ্ঞাপনের লিফলেট, পোস্টার, ফুটপাতে বিক্রির জন্য সিগারেটের প্যাকেট সদৃশ স্ট্যান্ড (পয়েন্ট অব সেল) রয়েছে।

এছাড়া স্বাস্থ্য সতর্ককরণ বাণী ছাড়া সিগারেটের প্যাকেট ও জর্দার কৌটার ব্যাপারে কোম্পানিটিকে সর্তক করে দেওয়া হয় বলে আবু সাঈদ জানান।

গোডাউনে অভিযানের পর অভিসার সিনেমা হলে যান দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জানান, সিনেমা হল এলাকা পাবলিক প্যালেস হওয়া সত্ত্বেও ধূমপানমুক্ত কোনো ‘সাইনেজ’ না থাকায় ম্যানেজারকে এক হাজার টাকা, তিনজন ধুমপায়ীকে ১০০ টাকা করে ৩০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিনেমা হল এলাকায় সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় এক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে ওই দোকানে থাকা প্রদর্শিত সিগারেটের বেশ কিছু প্যাকেট পুড়িয়ে ফেলা হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প কর্মকর্তা ফিরোজা বেগম ঝুমুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা মহানগরীকে ধূমপানমুক্ত নির্মল স্বাস্থ্যকর পরিবেশের লক্ষে তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে উদ্বদ্ধুকরণ করে আসছেন।

এরই অংশ হিসেবে তাদের উদ্যোগে দক্ষিণ সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় বলে তার ভাষ্য।