চক্ষু বিশেষজ্ঞ এম আই চৌধুরী স্মরণে মিলাদ শুক্রবার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ চক্ষু বিশেষজ্ঞ এম আই চৌধুরী স্মরণে আগামী শুক্রবার মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।
ঢাকার শান্তিনগরের বাসায় এই মিলাদ হবে বলে তার মেয়ে লুৎফা আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
প্রখ্যাত চিকিৎসক এম আই চৌধুরী গত ২ অগাস্ট মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
লুৎফা বলেন, “আমাদের দাদার বাড়িতে বাবার দাফন ও কুলখানি হয়েছে। আগামী শুক্রবার ঢাকায় প্রথমবারের মতো মিলাদের আয়োজন করেছি আমরা।”
১৯৬৭ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) কর্নিয়া প্রতিস্থাপনের প্রথম অস্ত্রোপচারকারী চিকিৎসক এম আই চৌধুরীর জন্ম ১৯২৭ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে।
এম আই চৌধুরী
১৯৬৩ সালে দেশে ফিরে কয়েক বছর চট্টগ্রাম মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অব অবথালমোলজি (চক্ষুবিজ্ঞান বিভাগ) এর প্রধান হিসেবে কাজ করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পদে যোগ দেন।
১৯৮০ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসরের পর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার কাজে যুক্ত হন তিনি।
চক্ষুবিজ্ঞানের উপরে একাধিক বই লিখেছেন এম আই চৌধুরী। এর মধ্যে তার ‘ডিজিজেস অব দি আই’স’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন দেশি-বিদেশি জার্নালেও প্রকাশিত হয়েছে তার একাধিক লেখা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এম আই চৌধুরী।
