২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে ঘুরছে ‘ঢাকা চাকা’

রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের নিরাপত্তার স্বার্থে সেখানে চালু হলো শীতাতপনিয়ন্ত্রিত ‘সার্কুলার বাস সার্ভিস’ এবং বিশেষ রঙের রিকশার সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 05:09 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

পুরনো খবর:

গুলশানে চালু বিশেষ বাস-রিকশা

বুধবার সকালে হাতিরঝিল এলাকায় বিশেষ এ সেবার উদ্বোধনের পর বেলা ১২টায় শুটিং ক্লাব কাউন্টার থেকে বাসগুলো একে একে চলাচল শুরু করে।

দুটি রুটে চলছে ‘ঢাকা চাকা’ নামের এই বাস। একটি হচ্ছে তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের নাভানা মোড় থেকে শুরু হয়ে গুলশান শুটিং ক্লাব, গুলশান-১ ও রূপায়ন টাওয়ার হয়ে গুলশান-২ নম্বর।

অপরটি হচ্ছে বনানীর কাকলী মোড় থেকে শুরু হয়ে বনানী বাজার ও গুলশান-২ নম্বর হয়ে বারিধারার নতুন বাজার।

বিশেষ এই বাসের ভাড়া ১৫ টাকা; ভ্রমণে মিলবে বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সুযোগ।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরে কাকলী, বনানী ও গুলশানের একটি অংশে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। নজিরবিহীন ওই হামলায় প্রাণ যায় ১৭ বিদেশিসহ ২০ জনের।

হামলার পর নিরাপত্তার কড়াকড়িতে থাকা গুলশান এলাকার জন্য বিশেষ বাস ও রিকশা নামানোর কথা গত মাসে ঘোষণা দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ডিএমপির সহায়তায় এবং গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে বিশেষ এই বাস সেবা পরিচালনা করছে নিটল মোটরস।

প্রথম দফায় ১০টি বাস নিয়ে এ সেবা শুরু হয়েছে। ২০ অগাস্টের মধ্যে আরও ১০টি বাস যোগ হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

শুটিং ক্লাব থেকে প্রথম গাড়িতে ওঠা যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন বাসের প্রথম যাত্রায় চড়েন গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমাদ উদ্দিন।

অনুভূতি জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথম বাস চলাচলের সাক্ষী হলাম। খুবই ভালো লাগছে। তবে শুধু এ এলাকায় নয়, রাজধানীর অন্যান্য এলাকায়ও এ ধরনের বাস সেবা চালু করা দরকার।”

এ সেবার ফলে গুলশান এলাকায় যাতায়াতে ভোগান্তি কমবে বলে মনে করছেন বাড্ডার বাসিন্দা আলমগীর হোসেন।

“এটা খু্বই ভালো হয়েছে। গুলশানে বাস বন্ধ করে দেওয়ার পর আমাদের কষ্টের সীমা ছিল না। রিকশা ভাড়া খুবই বেশি চাইত। সবসময় পাওয়াও যেত না। এতে যাতায়াতে আমাদের যন্ত্রণা কমবে।”

সকালে হাতিরঝিল এলাকায় এ সেবার উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, সাংসদ একেএম রহমত উল্লাহ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ এবং মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিঞা উপস্থিত ছিলেন।

মেয়র আনিসুল জানান, পরিবর্তিত পরিস্থিতির কারণেই গুলশান এলাকায় গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করতে হয়েছিল।

নতুন এই বাসের ভাড়া ‘সঙ্গতিপূর্ণ’ মন্তব্য করে তিনি বলেন, “যানবাহন সঙ্কট দূর করতেই এসব বাস নামানো হয়েছে। এতে মানুষের দুর্ভোগ কমবে। এ ধরনের বাস আরও নামানো হবে।”

গুলশান হামলার পর বিদেশিদের আস্থা ফেরাতে পুলিশ কাজ করে যাচ্ছে জানিয়ে আইজিপি শহীদুল পরিবারের কোনো সদস্যের ধর্মের ব্যাপারে হঠাৎ মনোভাব পরিবর্তন হলে তা জানানোর অনুরোধ জানান।

“আমাদের কাজ আমরা করছি। তবে জঙ্গিবাদের মূল উৎপাটন করতে হবে পরিবার থেকে। পরিবারের কারও এ ধরনের পরিবর্তন দেখলে আমাদের জানান।”