দেশীয় উদ্ভাবন একদিন বিশ্বজয় করবে: পলক
দেশীয় উদ্ভাবন একদিন বিশ্বজয় করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রযুক্তি খাতে দেশের তরুণদের বিভিন্ন উদ্ভাবন পরিদর্শন করে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি দেশীয় উদ্ভাবন সারা বিশ্বে সাড়া জাগাবে।
“তাদের (তরুণদের) মেধার সক্ষমতা প্রমাণ করবে। সেজন্য আমরা একটি ইনোভেশন ইকো-সিস্টেম এবং স্টার্ট–আপ কালচার তৈরি করছি।”
বাংলাদেশের তরুণদের বিভিন্ন উদ্ভাবন ইতোমধ্যে সারা বিশ্বে সমাদৃত হচ্ছে মন্তব্য করে পলক বলেন, “আমাদের তরুণ প্রজন্মের উদ্ভাবন আজ সারা বিশ্বে সমাদৃত হচ্ছে।
“কেউ প্রয়োজনীয় সহযোগিতা পেয়েই বিশ্বজয়ী উদ্ভাবন করছেন। আবার কেউ অপ্রতুল সহায়তার মধ্যেও নানা ধরনের উদ্ভাবন করে চলেছেন। আমাদের তরুণ প্রজন্মের কাছে তারা আদর্শ, তারাই রোল মডেল।”
দেশের উদ্ভাবনী তরুণদের মাধ্যমেই বাংলাদেশ আগামী ২০২১ সালের মধ্যে ৫০০ কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই প্রতিমন্ত্রী।
২০২১ সালের মধ্যে ‘এক হাজার উদ্ভাবনে’ আর্থিক সহায়তার উদ্বোধনী উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ কর্মযজ্ঞ থেকেই দেশীয় উদ্ভাবন একদিন বিশ্বমানের নতুন উদ্ভাবনী পণ্য বা সেবার মাধ্যমে সারা বিশ্বের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক।
অনুষ্ঠানে দেখানো হয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বুয়েটের সাবেক কৃতি শিক্ষার্থী ড. তাহের এ সাইদ মানুষের রক্তনালিতে প্রবেশ করে ওষুধের প্রয়োগ ছাড়াই ক্যানসারকে জয় করতে পারে এমন এক বায়ো-বট বা জীবন্ত রোবট উদ্ভাবন করেছেন।
এ সময় কুয়েটের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ তাসনিমুল ইসলাম ও সৈয়দ ইরফান আলী মির্জা উদ্ভাবন করা স্মার্ট ওয়াচ প্রদর্শন করা হয়। তাদের উদ্ভাবিত স্মার্ট ওয়াচ সব ধরনের মোবাইলেও কাজ করবে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শেষবর্ষের শিক্ষার্থী তরুণ দেবনাথ শারীরিক প্রতিবন্ধীদের জন্য অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ন্ত্রিত হুইল চেয়ার উদ্ভাবন করেছেন।
‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
