২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি দমনে বিদেশিদের সহযোগিতা নিতে পরামর্শ সংসদীয় কমিটির

সন্ত্রাস ও জঙ্গি দমনে বিদেশিদের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক এ পরামর্শ দেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য ফারুক খান সাংবাদিকদের বলেন, “বৈঠকে হলি আর্টিজানে হামলাসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই হামলার পরে বাংলাদেশের বিষয়ে বিদেশিদের যে অবস্থান, সেটা মন্ত্রণালয় থেকে আমাদের ব্যাখ্যা করা হয়েছে।”

সন্ত্রাস ও জঙ্গি দমনে বিদেশিরা যে সহযোগিতার ‍আশ্বাস দিয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সাবেক মন্ত্রী ফারুক খান বলেন, “আমরা কমিটির পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গি ইস্যুতে বিদেশিদের কাছ থেকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও তাদের থেকে প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া যায় কী না সেটা বিবেচনার পরামর্শ দিয়েছি।”

এদিকে কমিটি বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে কালচারাল উইংয়ের পরিবের্ত অন্যান্য দেশের মত কালচারাল সেন্টার স্থাপনের সুপারিশ করে। এর অংশ হিসেবে দ্রুততার সাথে কলকাতা, লন্ডন ও নিউ ইয়র্কে কালচারাল সেন্টার স্থাপনের সুপারিশ করা হয়।

এদিকে মন্ত্রণালয় উপস্থাপিত বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশে মিশনসমূহ পরিচালনায় পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হল, সমন্বয়হীনতা, জনবল সংকট, মিশনে কর্মরত ব্যক্তিদের সন্তাদের জন্য শিক্ষা ভাতা কম, বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা সময়পোযোগী নয় এবং মিশনগুলোতে লজিসটিকস অপ্রতুলতা।

কার্যপত্রে উল্লেখ করা হয়, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে কূটনৈতিক উইংয়ের পাশাপাশি কমার্স, ইকোনমিক উইং, প্রেস ইউং, ডিফেন্স উইং, লেবার উইংসমূহ মিশন প্রধানের নির্দেশনা পালনে সচেষ্ট থাকেন না।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের শিক্ষা ভাতা বৃদ্ধি এবং বৈদেশিক ভাতা ও আপ্যায়ন ভাতা বৃদ্ধির সুপারিশ করে।

কমিটির সভাপতি দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী  শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান ও কাজী নাবিল আহমেদ অংশ নেন।