চুক্তিতে নৌসচিব থাকছেন অশোক মাধব
নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়কে এক বছরের চুক্তিতে একই মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ১৮ অগাস্ট বা যোগদানের তারিখ থেকে এই কর্মকর্তাকে চুক্তিতে সচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৭ অগাস্ট তার পিআরএলে যাওয়ার কথা ছিল।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অশোক মাধব দীর্ঘদিন সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
২০১২ সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা ২০১৫ সালের ৩ ডিসেম্বর নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। গত ১৪ জুন সচিব পদে পদোন্নতি পান তিনি।
১৯৫৭ সালে হবিগঞ্জে জন্ম নেওয়া অশোক মাধব ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
