নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীর জামিন
রাজধানীর মতিঝিল ও লালবাগ থানায় নাশকতার অভিযোগে করা দুটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ছয় মাসের জামিন পেয়েছেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাই কোর্ট বেঞ্চ আসলাম চৌধুরীর পৃথক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার রুলসহ অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেয়।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
পরে ব্যারিস্টার সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলাসহ আরও তিনটি মামলায় আসলাম চৌধুরী গ্রেপ্তার আছেন। ফলে এখনই তিনি কারামুক্তি পাচ্ছেন না।
সরকার বিরোধী আন্দোলন চলাকালে গাড়ি-ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১৫ সালের জানুয়ারিতে ওই দুটি মামলা হয়।
ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ১৮ জুলাই বিএনপির এই নেতার জামিন আবেদন হাই কোর্টে উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়।
বিএনপির এই নেতা গত ১৫ মে ঢাকা থেকে আসলাম গ্রেপ্তার হয়।
নাশকতার ওই দুটি মামলায় নিম্ন আদালতে জামিনের আবেদন জানালে চলতি বছরের জুলাইয়ে তা না মঞ্জুর হয়। এই আদেশের বিরুদ্ধে ও জামিন চেয়ে ৩১ জুলাই হাই কোর্টে আবেদন করেন আসলাম চৌধুরী, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, আসলাম চৌধুরীকে ওই দুই মামলায় কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। রাষ্ট্রপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
