বিদেশিদের আসা-যাওয়ার তথ্য নজরদারির সুপারিশ
বিদেশিদের আসা-যাওয়া নজরদারি করার জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার জাতীয় সংসদে ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ এসেছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর এক বাড়ি থেকে শুক্রবার পর্যটন ভিসায় এসে রেস্তোরাঁয় কাজ নেওয়া ৪৪ নেপালি নাগরিককে আটক করা হয়, যাদের কারো ভিসার মেয়াদ ছিল না।
এর তিন দিনের মাথায় এই সুপারিশ করল সংসদীয় কমিটি।
এছাড়া বিদেশি নাগরিকদের বাড়িভাড়া দেওয়ার আগে তাদের ভিসার মেয়াদ দেখে নির্দিষ্ট সময় পর্যন্ত ভাড়া দেওয়ার সুপারিশ করেছেন কমিটির সদস্যরা।
বৈঠকে আওয়ামী লীগের সংসদ-সদস্য মো. ইসরাফিল আলমের বেসরকারি বিল ‘বিদেশি নিবন্ধন বিল- ২০১৫’ সম্পর্কে আলোচনার সময় এসব সুপারিশ করা হয়।
গত বছরের ১৮ নভেম্বর বিলটি সংসদে তোলেন ইসরাফিল।
ওই বিলে বিদেশিদের বাংলাদেশে আসা ও যাওয়ার তথ্য সংরক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘বিদেশি নিবন্ধন সেল’ গঠনের প্রস্তাব করা হয়।
একই সঙ্গে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশিদের ভিসা ফরমের সঙ্গে নিবন্ধন ফরম পূরণের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব করা হয়।
বৈঠক শেষে ইসরাফিল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিটির বিলটি সংসদে না তোলার সুপারিশ করেছে। তবে বিলের মূল বিষয়টি গুরুত্বপূর্ণ বিধায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি মনিটরিং করার সুপারিশ করা হয়।”
মন্ত্রী ছাড়া অন্যান্য সংসদ সদস্যদের বেসরকারি সদস্য বলা হয়। সংসদে বেসরকারি বিল তোলার পর তা কমিটিতে পরীক্ষার জন্য পাঠানো হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বৈঠকে ‘বিদেশি নিবন্ধন বিল-২০১৫’ সম্পর্কে বলা হয়, যেহেতু দেশে বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকদের দ্বারা কিছু কিছু আইন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড সাধিত হয়েছে তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বিদেশিদের আগমন এবং অবস্থানের বিষয়ে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করার সুপারিশ করা হয়।”
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে বৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা সোয়া দুই লাখের মত।
এর বাইরে প্রায় ১০ হাজার বিদেশি ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন বলে পুলিশের তথ্য।
সোমবারের বৈঠকে ইসরাফিল আলমের ‘অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল-২০১৫’ বিলটি আরো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।
তবে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর ‘বিধি ও প্রবিধান প্রণয়ন ক্ষমতা নিয়ন্ত্রণ বিল- ২০১৫’, ‘জেলা জজ আদালত মৌলিক অধিকার বলবৎকরণ (এখতিয়ার) বিল-২০১৫, ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৪’ সংসদে না তোলার সিদ্ধান্ত হয়েছে।
জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, বি এ মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এবং সানজিদা খানম অংশ নেন।
