২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএ সম্মেলন ঢাকায় হচ্ছে না

সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন বাংলাদেশে হচ্ছে না।

সাজিদুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 06:56 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিলো। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নতুন আয়োজক খুঁজছে সিপিএ।

সিপিএ’র চেয়ারপারসন বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে, সেজন্য আমরা বাংলাদেশে এ বছর সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, বাংলাদেশে সম্মেলন না করার বিষয়টি সিপিএ সদরদপ্তরকে গত ৩ অগাস্ট আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি এবং ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাতের পথে জঙ্গি হামলায় ২৫ জন নিহত হন। আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন সাত সন্দেহভাজন হামলাকারী। 

Image
.

.

এরপর অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বিআইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করে।

জুলাই ও অগাস্টে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক সভাও ঢাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

ঢাকায় সম্মেলন আয়োজন নিয়ে গত মাসে সিপিএ সদর দপ্তর থেকে শিরীন শারমিনকে ই-মেইল করেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল আকবর খান।

সেখানে বলা হয়, সিপিএভুক্ত নয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলের কিছু শাখা নিরাপত্তার প্রশ্ন তুলে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করেছে। এ কারণে সেসব দেশের আইন প্রণেতারা বাংলাদেশ সফরে আসবেন না।

এই পরিস্থিতিতে গত ২০ জুলাই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঢাকায় সিপিএ সম্মেলন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন।

এরপর রোববার তিনি নিশ্চিত করেন, ঢাকায় এ সম্মেলন হচ্ছে না।  

স্পিকার বলেন, “এবারের সম্মেলনে কয়েকটি সংস্থার নির্বাচন হবে। এ কারণে আমরা একটু বড় পরিসরে এ সম্মেলন করতে চাই। এজন্য আমরা হোস্ট কান্ট্রি খুঁজছি। সিপিএভুক্ত সকল দেশকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে আগ্রহী কোনো দেশ পাওয়া গেলে আমরা ২০১৬ সালের সম্মেলনটা করে ফেলব।” ‌

বাংলাদেশ ২০১৭ সালের সম্মেলন অনুষ্ঠানে আগ্রহী জানিয়ে তিনি বলেন, “যেহেতু আমরা এবারই সম্মেলন করার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, তাই পরিস্থিতি স্বাভাবিক হলে ২০১৭ সালের সম্মেলনটা বাংলাদেশে অনুষ্ঠানের প্রস্তাব দিয়ে রেখেছি।”