সাগরে ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরে সতর্কতা
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির মধ্যেই সাগরে ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার অধিপ্তরের আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান জানান, বায়ুচাপের তারতম্য বেশি থাকায় উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
“এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি জানান, অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ-চরাঞ্চলের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি কমা অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।
আবহাওয়াবিদ রাশেদুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ স্টেশনের ৯০টির মধ্যে ৭৪টি পয়েন্টে পানি কমছে; এখন বিপদসীমার ওপরে মাত্র ৯টি পয়েন্টে পানি বয়ে যাচ্ছে।
সোমবারের আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের আভাসও রয়েছে।
