কবিগুরুর প্রয়াণবার্ষিকীতে নানা আয়োজন
গান, কবিতা, বই প্রকাশ আর গীতি-নৃত্যনাট্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণবার্ষিকী পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কবিতা, ছোটগল্প, গান, উপন্যাসসহ বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ করা কবিগুরু বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ পরলোকগমন করেন।
৭৫তম প্রয়াণদিবসে ছায়ানট, বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমিতে বাঙালির মনন বিকাশের এই পুরোধা স্মরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।
ছায়ানট
বাংলা সংস্কৃতির অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সম্মেলক গান, একক গান ও একক নাট্যাভিনয়ের মধ্য দিয়ে রবিঠাকুরের ৭৫তম প্রয়াবার্ষিকী পালন করেছে ছায়ানট।
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে শুরু হয় রবিঠাকুর স্মরণের এই আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই ছায়ানট শিল্পীরা সম্মিলিতভাবে পরিবেশন করে ‘যে ধ্রুপদ দিয়েছো বাঁধি’ গানটি। সূচনা পর্বের সম্মেলক গানটির পরেই কবিগুরুর একক গান নিয়ে মঞ্চে আসেন সত্যম কুমার দেবনাথ। তিনি পরিবেশন করেন ‘যারা কথা দিয়ে তোমার কথা বলে’।
বিক্রম দাস পরিবেশন করেন ‘ওগো আমার শ্রাবণ মেঘের, সেঁজুতি বড়ুয়া পরিবেশন করেন ‘আরও আঘাত সইবে’। মৃত্তিকা সহিতা পরিবেশন করেন ‘আমি তোমারি মাটির কন্যা’। আব্দুল ওয়াদুদ পরিবেশন করেন ‘নহ মাতা নহ কন্যা’ ও সেমন্তী মঞ্জুরী পরিবেশন করেন ‘আমি চিত্রাঙ্গদা’।
একক গানের ফাঁকে ফাঁকে ছায়ানটের শিল্পীদের সম্মিলিত কন্ঠে পরিবেশিত হয় ‘শ্রাবণের ধারার মতো, শ্রাবণের গগনের গায়’, ‘কোন পুরাতন প্রাণের টানে’সহ বেশ কয়েকটি গান। একক গান ও সম্মেলক গান শেষে কবির ‘স্ত্রীর পত্র’ গল্প অবলম্বনে পরিবেশিত হয় শামীম নাজনীন অভিনীত একক নাটক।
শিল্পকলা একাডেমি
কথামালা, আবৃত্তি, গান, নৃত্যালেখ্য ও নৃত্যনাট্য পরিবেশনের মধ্য দিয়ে রবিঠাকুরের প্রয়াণবার্ষিকী পালন করেছে শিল্পকলা একাডেমি।
সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রয়াণবার্ষিকীর এই আয়োজন।
অনুষ্ঠানে ‘ষড়ঋতু’ শিরোনামের নৃত্যালেখ্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। সমবেত সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ‘সুরের ধারা’ ও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ,’। একক সঙ্গীত পরিবেশন করেন সাজেদ আকবর, নন্দিতা ইয়াসমিন, ফাহিম হোসেন চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
‘আমার মাথা নত করে দাও হে প্রভু’ , ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘কবে আমি বাহির হলেম’, ‘বিশ্বসাথে যোগে যেথায়’, ‘কে দিল আঁধার’, ‘ওইমালতীলতা দোলে’, ‘আজি শ্রাবণ ঘন গহন মোহে’-কবিগুরুর অমর বাণী ও গানে রাবীন্দ্রিকতার এক অসাধারণ সুষমা ফুটে উঠে সমগ্র মিলনায়তনজুড়ে।
নৃত্যালেখ্য, একক সঙ্গীত ও সমবেত সঙ্গীত শেষে কবির বৃন্দ আবৃত্তি নিয়ে মঞ্চে আসে আবৃত্তির দল ‘কল্পরেখা’। সামিনা হোসেন প্রেমার পরিচালনায় ভানুসিংহের পদাবলী অবলম্বনে সবশেষে পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘ভাবনা’।
বাংলা একাডেমি
কবিগুরুর ৭৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।
প্রথমদিনে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে শুরু হয় এই আয়োজন। উদ্বোধনী দিনে আহমদ রফিক রচিত রবীন্দ্রজীবন (তৃতীয় খণ্ড) এর মোড়ক উন্মোচন করা হয়।
এতে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক শফি আহমেদ এবং অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আহমদ রফিক রচিত রবীন্দ্রজীবনের এই তৃতীয় খণ্ডে বিশ্বসাহিত্যের এই মহান কবি ও কর্মীর জীবনের এক বিশেষ সময়কালীন পরিপ্রেক্ষিত ও প্রাসঙ্গিক আলোচনাসহ উপস্থাপিত হয়েছে।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “রবীন্দ্রনাথের জীবনই তার শ্রেষ্ঠ কীর্তি। তাকে কোনো কাঠামোবদ্ধ জীবনীতে তুলে ধরা অসম্ভব কাজ। তবে আহমদ রফিক যে বিপুল তথ্য-সমাবেশে, মননশীল বিশ্লেষণে এবং আন্তর্জাতিকতার বৃহত্তর পরিসরে রবীন্দ্রনাথকে অনুধাবনের প্রয়াস চালিয়েছেন, তার মধ্য দিয়ে রবীন্দ্রজীবনী-চর্চায় এক নতুন মাত্রা সৃষ্টি হবে।”
দুইদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন রোববার বিকাল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একক বক্তৃতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং রবীন্দ্রপুরস্কার-২০১৬ প্রদান করা হবে।
