২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নানা আয়োজনে হিরোশিমা ট্র্যাজেডি স্মরণ

৬ অগাস্ট, ১৯৪৫। শান্ত জাপানের হিরোশিমা নগর কেঁপে উঠলো পারমাণবিক বোমায়… হাজারও প্রাণ ঝরে পড়লো মুহূর্তেই। কিন্তু এর রেশ ছিল আরও কিছুদিন। পারমাণবিক বিকিরণে বিভীষিকাময় ঘটনার পরে প্রাণ হারায় কিশোরী সাদাকো সাসাকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2016, 09:57 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

সেই কিশোরীকে স্মরণ করে কাগজ কেটে সাদা সারস বানিয়ে বিশ্বব্যাপী কিশোর-কিশোরীরা শান্তির সপক্ষে হিরোশিমা দিবস পালন করে। বাংলাদেশে এ আয়োজনটি ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর ও শিল্পকলা একাডেমিতে।

শনিবার বিকালে হিরোশিমা দিবস উপলক্ষে ‘শান্তির সপক্ষে নতুন প্রজন্ম’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।

সাদা সারস বানিয়ে আর শান্তির পক্ষে সুরেলা উচ্চারণের মাধ্যমে কিশোর-কিশোরীরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলো সাদাকোসহ হিরোশিমা দিবসের নিহতদের।

গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহত অন্তঃসত্ত্বা ইতালীয় তরুণী সিমোনা মনটির গর্ভের সন্তানকে নিবেদন করে তারিক সুজাতের কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় স্মরণানুষ্ঠান, আবৃত্তি করেন তামান্না সারোয়ার নীপা।

জাদুঘরের ট্রাস্টি কবি স্থপতি রবিউল হুসাইন বলেন, “শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এসব চর্চা করলে কোনো অসুন্দর আমাদের কাছে আসতে পারবে না, বরং নিয়ে আসবে শান্তির বারতা। আগামী দিনে এ পৃথিবীকে শান্তির আবাসভূমি করব- এ আশা নিয়েই পথ চলতে হবে।”

এরপর তিনি গুলশান হামলায় নিহত তরুণ ফারাজ আইয়াজকে নিবেদন করে একটি কবিতা আবৃত্তি করেন।

কবি ড. মুহাম্মদ সামাদ আবৃত্তি করেন স্বরচিত দুই কবিতা ‘বুশকে’ ও ‘মা, আলীর জন্য কান্না পাচ্ছে’। এরপর মঞ্চে আসে স্বপ্তসুরের খুদে শিল্পীরা। সম্মিলিত কণ্ঠে গেয়ে শোনায় ‘নাও গান ভরে, নাও প্রাণ ভরে’ ও ‘ঐ উজ্জ্বল দিন ডাকে’। দীপ্র ও সতীর্থ দ্বৈতকণ্ঠে গেয়ে শোনায় ‘একাত্তরের মা জননী’ এবং ঋব্ধ গেয়ে শোনায় ‘বাংলাদেশ’ শিরোনামের গান।

Image
নাটক ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের একটি মুহূর্ত

নাটক ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের একটি মুহূর্ত

ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা শোনায় ‘আমরা করবো জয়’, ‘যদি তোর ডাক শুনে’, ‘একদিন ছুটি হবে’ এবং ‘বিদ্যালয় মোদের বিদ্যালয়’।

এছাড়াও নাট্য সংগঠন স্বপ্নদলের আয়োজনে হিরোশিমা দিবসকে স্মরণ করা হয়।

‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, নয় কোনো সন্ত্রাসবাদ’- এ প্রতিপাদ্যে গুলশান হামলায় নিহতদের উৎসর্গ করে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ছিল হিরোশিমা-নাগাসাকি-গুলশানভিত্তিক যুদ্ধ-জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী পোস্টার, আলোকচিত্র, সংবাদের অংশবিশেষ ও ভিডিও প্রদর্শনী।

আরও ছিল সাদাকো সাসাকি স্মরণে কাগজের সারস বিতরণ এবং যুদ্ধ-জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী সংক্ষিপ্ত আলোচনা এবং ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার ৮৪তম মঞ্চায়ন। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনা-নির্ভর স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’-র মূলকাহিনী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-ফিলিস্তিন, আফগানিস্থান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-সিরিয়া-তুরস্ক-ফ্রান্সসহ গুলশান-শোলাকিয়ার সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ।

‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদঘাটিত হয়েছে।