৪ বছরের ‘বৃদ্ধ’ বায়জিদ ঢাকা মেডিকেলে
মাত্র চার বছর বয়সেই বৃদ্ধের মতো দেখতে বায়জিদকে চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় বলে জানিয়েছেন এর সমন্বয়ক সামন্তলাল সেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার রোগ সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। রোববার এ বিষয়ে চিকিৎসকদের একটি বোর্ড বসে সিদ্ধান্ত নেবে।”
২০১২ সালের ১৪ মে মাগুরার খালিয়া গ্রামে লাভলু শিকদার ও তৃপ্তি খাতুনের ঘরে বায়জিদের জন্ম।
লাভলু জানান, বৃদ্ধের মতো চেহারা নিয়েই ভূমিষ্ঠ হয় বায়জিদ, দিন দিন তার শরীরে বার্ধক্যের ছাপ আরও প্রকট হতে থাকে।
‘অল্পবয়সে বুড়িয়ে যাওয়া’ এই রোগটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাচিনসন গিলফোর্ড প্রিজোরিয়া সিনড্রোম বা সংক্ষেপে প্রিজোরিয়া।
১৮৮৭ সালে প্রথম চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে এই রোগটি প্রথম আবিষ্কার করেন জে হাচিনসন।
ন্যাশনাল অর্গানাইজেশন ফর রেয়ার ডিজাঅর্ডারের (নোর্ড) ওয়েবসাইটে এটাকে ‘জেনেটিক ডিজঅর্ডার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
এই রোগ সম্পর্কে বলা হয়েছে, ‘এটি বিরল ও প্রাণঘাতী রোগ। আক্রান্ত শিশুদের ৯ থেকে ২৪ মাস বয়সের মধ্যে এই রোগটির লক্ষণ দেখা দেয়।’
২০১৪ সাল বিশ্বে এই রোগে আক্রান্ত ২০০ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে বলে বলছে নোর্ড।
