২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের বিপথগামিতা রোধে জরুরি রবীন্দ্র চর্চা: সংস্কৃতিমন্ত্রী 

উগ্র সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা আচ্ছন্ন হয়ে বিপথে যাওয়া থেকে তারুণ্যকে রক্ষা করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ম ও দর্শন থেকে রসদ নিতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 06:19 PM

Updated : 11 Oct 2022, 08:34 PM

‘রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা’ নিয়ে শুক্রবার রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের রবীন্দ্র বিশেষজ্ঞরাও বললেন, বিশ্বজুড়েই অসহিষ্ণুতা, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্কটে শিক্ষা নিয়ে বিশ্বকবির ভাবনা অপরিহার‌্য হাতিয়ার ও আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

উত্তরা ক্লাবে দুদিনের সম্মেলনের উদ্বোধনের সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, “উগ্র সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতার বলি হয়ে তরুণ প্রজন্মের একটি অংশ যখন বিপদগামী হয়ে উঠছে, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও শিক্ষাভাবনার চর্চা ভীষণ গুরুত্বপূর্ণ।”

“বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমাদের জীবনে রবীন্দ্রনাথের ভাবনা, ধারণা নানাভাবে জড়িয়ে আছে। জাতিসত্তাবোধে অনুপ্রাণিত হয়ে বাঙালি যেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে উঠেছিলেন নিরন্তর প্রেরণার উৎস।”

কিন্তু পঁচাত্তরের পনের অগাস্টের পর বাঙালি জাতিকে রবীন্দ্র চর্চা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল মন্তব্য করে নূর বলেন, “সে অপপ্রয়াসের কিছু ছাপ তো আমাদের তরুণ প্রজন্মের মন-মানসে প্রভাব ফেলবেই। আমরাও রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা থেকে অনেকটা দূরে সরে এসেছি।”

বিশ্ব সাহিত্য ও সংস্কৃতির আকাশে রবীন্দ্রনাথ ঠাকুরকে এক ‘দেদীপ্যমান নক্ষত্র’ হিসেবে আখ্যায়িত করেন দীর্ঘ দিনের এই সংস্কৃতিকর্মী।  

“মননশীলতাকে সমৃদ্ধ করতে রবীন্দ্র শিক্ষাভাবনার ওপর ব্যাপক গবেষণা কার‌্যক্রম পরিচালনা করা প্রাসঙ্গিক ও জরুরি।”

বাংলাদেশ-ভারত-জাপান-চীনের রবীন্দ্র গবেষক, রবীন্দ্রবিষয়ক শিক্ষার্থীদের নিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রচর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সম্মেলন হচ্ছে।

স্বাগত বক্তব্যে রবীন্দ্রচর্চা কেন্দ্রের অধিকর্তা মুনমুন গঙ্গোপাধ্যায় বলেন, “রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার এমন অনেক দিক রয়েছে, যা চর্চার অপেক্ষা রয়েছে। সেগুলো নতুন দৃষ্টিকোণ থেকে দেখা নেওয়া প্রয়োজন।”

সময়ের চেয়ে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা অগ্রসর ছিল উল্লেখ করে বিশেষ অতিথি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন,  প্রকৃতির সঙ্গে ব্যক্তির, ভাবনার সঙ্গে কর্মের, জ্ঞানের সঙ্গে মনুষ্যত্ববোধের, স্থানিকতার সঙ্গে আন্তর্জাতিকতার, আহরণের সঙ্গে প্রকাশনের, আনন্দের সঙ্গে শিক্ষালাভের যে চিন্তা তিনি করেছিলেন তা আজও প্রাসঙ্গিক।”

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা বলেন, “শিক্ষাবিদ ও গবেষকদের এই মিলনমেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও শিক্ষা ভাবনার বহুমাত্রিক দিক উঠে আসবে, যা বর্তমান সামাজিক ব্যবস্থার অবক্ষয় রোধ ও টেকসই উন্নয়নে অবদান রাখবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক এ এস এম আবু দায়েন বলেন, “উন্নয়ন, অর্থনীতি কিংবা রাজনীতির কূটচালে পিছিয়ে পড়া জনপদের এক প্রাদেশিক ভাষায় সাহিত্য রচনা করে একজন মানুষ স্থান-কাল নির্বিশেষে এমন অপরিহার‌্য হয়ে উঠতে পারেন, সেই গর্ব রবীন্দ্রনাথ আমাদের দিয়ে গেছেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে শিরোনামের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকজয়ী সাহিত্যিক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ হায়াৎ মামুদ।

আলোচনায় অংশ নেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়ান স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক চেন শিনে ও জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাছাহিকো টোগাওয়া।   

অধ্যাপক চেন বললেন, ভারতবর্ষের তুলনায় চীনে রবীন্দ্রনাথ চর্চা নেহায়েত মন্দ নয়। দক্ষিণ এশীয় বিষয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাহিত্যপ্রিয় তরুণদের মধ্যে রবীন্দ্রনাথ চর্চিত হচ্ছেন নানাভাবে।

“সাহিত্য, কাব্য চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের নানা দিকগুলোকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন। বিশ্ব মানবতা, মানবিক মূল্যবোধকে তিনি শিক্ষা ভাবনায় ফুটিয়ে তুলেছেন।”

হিরোশিমা বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক মাছাহিকো টোগাওয়া আয়োজনে সাধুবাদ জানিয়ে বলেন, “আমি যখন বাংলাদেশে আসতে চেয়েছিলাম, তখন অনেক জাপানি বন্ধু আমাকে বাধা দিয়েছিলেন। কিন্তু আমি কারও কথা শুনিনি। বাংলাদেশি বন্ধুদের টানে আমি চলে এলাম।

“যদি তোর ডাক শুনে কেউ না আসে- গাইতে গাইতে এ দেশে এসে দেখলাম, সবকিছু ভালো চলছে।”

দুদিনের সম্মেলনে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার বিভিন্ন দিক নিয়ে ১৪টি সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

এর মধ্যে প্রথম দিনে রয়েছে ‘শিক্ষার্থীর মূল্যায়নে রবীন্দ্রনাথ’, ‘পাঠ্যক্রম এবং সহযোগী পাঠ্যক্রম: রবীন্দ্র শিক্ষাভাবনা’, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শনে ব্যক্তি স্বাধীনতার প্রাসঙ্গিকতা’, ‘শিক্ষাবিষয়ক লিখিত গ্রন্থাবলীর নিরিখে রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার স্বাতন্ত্র্য’ ও রবীন্দ্র ভাবনায় বিশ্ববিদ্যালয়।”

দ্বিতীয় দিন ‘রবীন্দ্র চিন্তায় প্রাথমিক শিক্ষা’, ‘রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তায় প্রাথমিক শিক্ষার প্রেক্ষাপট ও গতিপ্রকৃতি’,  ‘রবীন্দ্রনাথের শিক্ষা-আদর্শ ও বাঙালি মধ্যবিত্ত’, ‘রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’, ‘রবীন্দ্র শিক্ষার আন্তর্জাতিকীকরণ’. ‘রবীন্দ্রনাথের শিক্ষাদর্শে শিক্ষার্থী মনস্তত্ত্ব’, ‘মানবাধিকার শিক্ষা ও রবীন্দ্রনাথ’, ‘আমাদের সামগ্রিক জীবনে রবীন্দ্রনাথের গানের প্রভাব: শিক্ষা-ভাবনা’, ‘রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার স্বাতন্ত্র্য: ‍মুক্তির আনন্দ’, ‘রবীন্দ্রনাথের শিক্ষা-ভাবনা ও একটি প্রস্তাবনা’, ‘রবীন্দ্রনাথের শিক্ষা বিস্তার কার‌্যক্রম: পতিসরপর্ব’, ‘ভাষা শিক্ষা ও রবীন্দ্রনাথ’ ও ‘শিক্ষার মিলন: একটি রবীন্দ্র বিবেচনা’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে।

এদিন আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্য সাহারা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মেসবাহ কামাল।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক এ এস এম আবু দায়েন জানান, সেমিনারগুলোতে রবীন্দ্র সাহিত্যে শিক্ষা ও সমাজ জীবনের বহুমাত্রিক প্রেক্ষাপটের পাশাপাশি নান্দনিকতার দিকটিও আলোচিত হবে।